| কবিতা | ফিরে এসো চাকা ১৮ – বেশ কিছুকাল হলো… |
| কবি | বিনয় মজুমদার |
| কাব্যগ্রন্থ | ফিরে এসো, চাকা |
| সময় | ১৯ জুলাই ১৯৬১ |
বেশ কিছুকাল হলো চ’লে গেছো, প্লাবনের মতো
একবার এসো ফের; চতুর্দিকে সরস পাতার
মাঝে থাকা শিরীষের বিশুষ্ক ফলের মতো আমি
জীবন যাপন করি; কদাচিৎ কখনো পুরানো
দেওয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে
কোনোমানসির আকৃতির মতো তুমি দেখা দিয়েছিলে।
পালিত পায়রাদের হাঁটা, ওড়া, কুজনের মতো
তোমাকে বেসেছি ভালো; তুমি পুনরায় চ’লে গেছো।
