কবিতা অসমাপ্ত আঁধার
কবি প্রসূন গোস্বামী
কবিতার বিষয় অন্যান্য, সমসাময়িক
Review This Poem

এ যেন এক রাক্ষসী রাত, থমকে দাঁড়িয়ে থাকা কোনো প্রেতের নিশ্বাস,
ধোঁয়াটে গলি আর পচা নর্দমার ধারে খসে পড়া আতঙ্কের শ্যাওলা।
ওপাশে কার যেন ছায়া— বিভ্রান্ত, হিংস্র, পশুর চামড়া পরা কিছু ছদ্মবেশ;
বাতাসে মাংস পোড়া কটু গন্ধ, রক্তের ফেনা মেখে বসে আছে অন্ধ মহাকাল।
এখানে নরম শিশুর তাজা হাসিতেও বিষ মিশিয়ে দেয় কোনো ওত পেতে থাকা নখ,
অন্ধকারে হাঁপায় নিষ্পাপ শরীর, ভেঙে যায় কচি হাড়ের নরম ঘরবাড়ি।
ওরা উল্লাস করে, চাবুক মারে শিশুর ছটফট করে ওঠা মিহি কণ্ঠনালিতে,
যেন লালসার এ এক মহোৎসব, নরকের কীটদের অনন্ত উল্লাসের ধুনুচি!
তারপর আলো জ্বলে— কিন্তু সে আলো তো ভোরের নয়,
সে আলো জীবিত মানুষের শরীরে চাপিয়ে দেওয়া আগুনের শিখা!
পোড়া চামড়ার ধোঁয়া ওঠে, ভিটেমাটি থেকে মুছে যায় আস্ত একটা নাম,
কারো ঈশ্বরের জপমালা ছাই হয়ে বাতাসে উড়ে যায় নির্বিকার…
এ শহর, এ ধূসর মানচিত্রের বুক ছিঁড়ে এখন কেবল ভেসে আসে অট্টহাসি—
যেখানে চাবুক হাতে হেঁটে যায় এক বিকৃত অন্ধ শাসন,
যেখানে ঘাতকের কোনো জাত নেই, কিন্তু শিকারের শরীর স্পষ্ট…

guest
0 Comments
Newest
Oldest Most Voted