| কবিতা | পাই’নি |
| কবি | নাইমুর রহমান |
| কাব্যগ্রন্থ | মহাকালের কাব্য |
| সময় | ০৪ ডিসেম্বর ২০২৫, রাত ০১ঃ৪৫ মিনিট |
| উৎসর্গ | ‘‘নামহীন এক প্রার্থনাকে’’ |
| লিখার স্থান | বসুন্ধরা R/A, ঢাকা |
| সম্পৃক্ততা | এক অপেক্ষমাণ হৃদয়ের নীরব প্রার্থনা ও না-পাওয়ার কাব্য। |
| কবিতার বিষয় | প্রেম |
পাই’নি—
যে তোমারে কোনোদিন চায় নাই,
যার কাছে তোমার উপস্থিতি কখনো কোনো বিশেষ অর্থ বহন করেনি—
আজ ভাগ্যের অদ্ভুত খেলায় সেই মানুষটাই তোমারে পাইছে।
তোমারে পেয়েও হয়তো সে বুঝবে না,
কতটা সহজে সে এমন একজন মানুষকে পেয়েছে,
যাকে পাওয়ার জন্য অন্য কেউ বছরের পর বছর অপেক্ষা করেছে।
আর যে তোমারে নিজের করে চাইছে,
সে তোমারে শুধু তার স্বপ্নে চায়নি—
সে তোমারে তার মোনাজাতেও চাইছে।
নির্জন রাতে দু’হাত তুলে,
সবার অগোচরে, নিজের সমস্ত অহংকার ভুলে
সে শুধু তোমার নামটাই চেয়েছে।
বলেছে—
“হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়,
তবে তাকে আমার নসিবে লিখে দাও।”
কী অদ্ভুত না?
একজন তোমারে পেয়েছে,
অথচ কোনোদিন তোমারে পাওয়ার আকাঙ্ক্ষাই তার ছিল না।
আর একজন তোমারে পাওয়ার জন্য
নিজের ভাগ্যের কাছেও হেরে গিয়ে
শেষ পর্যন্ত তোমারে সঁপে দিয়েছে সৃষ্টিকর্তার হাতে।
একজন তোমার পাশে থেকেও তোমার মূল্য বোঝে না,
আর একজন দূরে থেকেও তোমার প্রতিটি অস্তিত্ব অনুভব করে।
একজন তোমার উপস্থিতিকে স্বাভাবিক মনে করে,
আর অন্যজন তোমার সামান্য একটি কথার জন্যও
দিনের পর দিন অপেক্ষা করে।
কিন্তু জীবন সবসময় চাওয়ার মানুষটাকে দেয় না।
কখনো কখনো জীবন এমন কাউকে দেয়,
যে তোমারে চায়নি—
আর এমন কাউকে দূরে সরিয়ে রাখে,
যে তোমারে নিজের সমস্ত হৃদয় দিয়ে চেয়েছিল।
তবুও যে সত্যিকারের ভালোবাসে,
সে অভিশাপ দেয় না।
সে জোর করে না।
সে তোমার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় না।
সে শুধু মোনাজাতে বলে—
“হে রব, তাকে ভালো রেখো।
সে আমার হোক বা না হোক,
তার জীবনে শান্তি রেখো।
আর যদি আমার জন্য তার মধ্যে কোনো কল্যাণ লিখে রাখো,
তবে একদিন তাকে আমার কাছে ফিরিয়ে দিও।”
কারণ সত্যিকারের চাওয়া সবসময় অধিকার দাবি করে না;
কখনো কখনো সত্যিকারের ভালোবাসা
মানুষটাকে পাওয়ার চেয়েও বেশি
তার ভালো থাকাটাকে চায়।
আর হয়তো সেখানেই পার্থক্য—
যে তোমারে চায়নি, সে তোমারে পেয়েছে।
যে তোমারে চেয়েছে, সে তোমারে মোনাজাতে রেখেছে।
আর যে সত্যিই তোমারে ভালোবেসেছে,
সে তোমারে না পেয়েও
তোমার জন্য দোয়া করা থামায়নি।
হয়তো মানুষ ভাবে—
পাওয়া মানেই জয়।
কিন্তু সবসময় তা নয়।
কখনো কখনো
কাউকে পাওয়া হলো ভাগ্যের প্রাপ্তি,
আর কাউকে না পেয়েও
তার জন্য সারাজীবন দোয়া করে যাওয়া—
সেটাই ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ,
সবচেয়ে পবিত্র পরাজয়।
(নাইমুর রহমান)
কল্পনার জগতের গল্পকার-