| কবিতা | ঝরে পড়া শিউলি |
| কবি | নাইমুর রহমান |
| কাব্যগ্রন্থ | মহাকালের কাব্য |
| সময় | ৩০ অক্টোবর ২০২৫, রাত ০২ঃ৩০ মিনিট |
| উৎসর্গ | স্মৃতির আঙিনায় আজও সযত্নে ফুটে থাকা এক মুঠো শিউলিকে। |
| লিখার স্থান | সীতাকুণ্ডের পথে, রাতের তৃতীয় প্রহরে—চলন্ত ট্রেনের দরজার পাশে, নিস্তব্ধতার সঙ্গে একান্ত কথোপকথন। |
| সম্পৃক্ততা | ফেলে আসা ভালোবাসা, অমলিন স্মৃতি ও দূরত্বে বেঁচে থাকা এক মায়ার গল্প। |
| কবিতার বিষয় | বিরহ |
ঝরে পড়া শিউলি
এই অক্টোবর মাসটাই হয়তো এমন,
একটা নরম বিষণ্ণতার চাদর বিছিয়ে দেয় চারপাশে।
আকাশে রোদ থাকে, তবু মনে হয় মেঘলা—
পাতারা ঝরে পড়ে, আর সঙ্গে সঙ্গে ঝরে পড়ে কিছু পুরোনো সম্পর্কও।
কেউ হঠাৎ হারিয়ে যায়, কোনো কারণ ছাড়াই;
আবার কেউ ফিরে আসে, যেন ভুল করে।
এই মাসে কেমন যেন পুরনো মানুষদের মুখ মনে পড়ে যায়,
ভালোবাসা আর অভিমানের মিশ্র গন্ধ ভেসে বেড়ায় বাতাসে।
কেউ খুঁজে পায় আপন কাউকে, যার পাশে থেকে জীবনের অর্থ খুঁজে নেয়;
আর কেউ শুধু স্মৃতির ভারে নুয়ে পড়ে—
মোবাইলের গ্যালারিতে তাকিয়ে থাকে, মুছে না ফেলা কিছু ছবির দিকে।
যে পায়, সে যেন পুরোটা জীবনই পেয়ে যায়।
তার চোখে আলো, তার মুখে হাসি, তার দিনগুলো কবিতায় ভরে ওঠে।
আর যে পায় না, তার পৃথিবীটা ধূসর হয়ে যায়।
তাকে আর কোনো সকাল আনন্দ দেয় না,
কোনো গান ভালো লাগে না,
কারণ ভালোবাসা হারিয়ে গেলে,
সবকিছুই নিস্তব্ধ হয়ে যায়—
অক্টোবরে ঝরে পড়া শিউলির মতো।
(নাইমুর রহমান)
কল্পনার জগতের গল্পকার-