কবিতা নির্লজ্জ লেন্স ও নেহা বোরা
কবি আজিজুল হক
সময় 7/10/26
উৎসর্গ সংগ্রামী নারীদের
লিখার স্থান কোচবিহার
সম্পৃক্ততা সংগ্রামী জনতা
কবিতার বিষয় প্রতিবাদ, ভারতবর্ষ, রাজনৈতিক
Review This Poem

স্তনের ভাঁজে নয়,
দেখো মানুষের ক্রোধ জমেছে।
একটি প্রজন্ম ব্যারিকেড ছুঁয়ে
নিজের ভবিষ্যৎ ফেরত চাইছে।
কিন্তু হিংস্র লেন্সেরা
মুখ নয়, মুষ্টি নয়, স্লোগান নয়,
খুঁজে বেড়ায় শরীরের ভাঁজ;
যেন সংবাদ নয়,
নারীর দেহই তাদের উপনিবেশ।

নেহা দাঁড়িয়েছিল রাস্তায়,
হাজার কণ্ঠের সংক্ষিপ্ত নাম হয়ে।
রাষ্ট্র তখন লাঠির ভাষায় লেখে আইন,
আর ক্যামেরা শেখে
কীভাবে অপমানকে সম্প্রচার করতে হয়।
কত নিকৃষ্ট হলে ক্ষমতা
শিক্ষাকে নামিয়ে আনে অ্যাসফল্টের বুকে!

কত ভীরু হলে শাসন
যৌবনের প্রশ্নকে দেখে আতঙ্কে!
তবু মনে রেখো,
স্তনের দিকে তাকানো সেই লেন্স
ইতিহাসের দিকে তাকাতে জানে না।
যে শরীরকে তারা খণ্ডিত করে,
সেই শরীরেই বহমান থাকে
প্রতিরোধের নদী।

আজ মানুষের চোখ ভিজুক
লজ্জায়, ক্ষোভে, প্রতিবাদে।
স্তনের জলে নয়,
অপমানের বিরুদ্ধে জেগে ওঠা
অগণিত মানুষের অশ্রুজলে।

সংগ্রামী নারীর শরীর সংবাদ নয়
ইতিহাস তৈরী করে।
কারণ মানুষ কোনো দৃশ্য নয়,
কোনো শরীর নয়,
মানুষ একটি কণ্ঠ।
সেই কণ্ঠই একদিন
সব ব্যারিকেড ভেঙে যাবে।
………….. ………..

guest
0 Comments
Newest
Oldest Most Voted