কবিতা আমার বন্ধু
কবি মিনহাজ রাফি
কাব্যগ্রন্থ শঙ্কিত কিছু পাখি
সময় ২০২৪
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ
Review This Poem

এবং আমার সেই বন্ধুর কথা আর কী-বা বলব, যে ভাতের অভাবে ডুব
দিয়ে মরে গেল এক বাটি বাসি ডালের ভেতর-যার হতদরিদ্র চোখের অভ্যন্তরে সাঁতরাতো ছাব্বিশটা বেদুইন রাজহাঁস-চিরস্থায়ী পৌরাণিক নিস্তব্ধতার ট্রফি নিয়ে যার ম্যারাথন দৌড় ছিল দক্ষিণ মেরু থেকে উত্তর, পশ্চিমের শিয়া-মসজিদ, কালী মন্দিরের পূর্ব হাওয়াতে। একদিন তার পাশের গলির কোণে যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম-সেখানে তখন অদৃশ্য টি-স্টলের বেঞ্চি, নিস্পৃহ তাকে এড়িয়ে গেল চারটা কুকুরছানা, বিতাড়িত করল সোলেমান কাকার বাকি খাতার স্বর্গীয় পথ, শুধু দু-একটা রিকশা ঘন্টি বাজাতে বাজাতে ঢুকে গেল তার হতাশগ্রস্ত হৃদয়ের প্লাস্টিক শহরে। আমি আর আমার বন্ধু, আমরা যে পথটাতে হাঁটতাম-মাটির রাস্তা, পুরনো বাড়ির ছাদ, হাবার মতো কিশোরী মেয়ের খয়েরি ওড়নার পিছুপিছু, সিনেমাহল টু সারসন রোড, হারবাল পোস্টার, সাবলেট টু-লেট, কীভাবে যেন সবই তাসের ঘরের মতো ভেঙে গেল এরপর।

আমার বন্ধু একজন মহামতি,
এক বাটি বাসি ডালের ভেতর
ডুব দিয়ে মরে গেল
ভাতের অভাবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted