| কবিতা | বিহ্বল চক্রবর্তী |
| কবি | মিনহাজ রাফি |
| সময় | ২০২৬ |
| লিখার স্থান | চট্টগ্রাম |
| কবিতার বিষয় | অন্যান্য |
ঘাসেদের হৃদপিণ্ড ছুঁয়ে ছুঁয়ে আমার একজন বন্ধু এখনো স্থির হয়ে আছে, দাঁড়িয়ে আছে ভ্রু-ভঙ্গিতে, কুয়াশাবিধুর বিরহের মাঝে। আমার একজন বন্ধু, যে কিনা কবিতা বলতে বুঝে—ছোট্ট একটা মেঘ দুলছে আকাশের দোলনাতে, দুঃখ বলতে বুঝে যমজ নদীর স্রোত, আর ঈশ্বর বলতে বুঝে শুধুই ভালোবাসা। এই যে সমুদ্রের গীত, এই যে আহ্লাদী বৃষ্টির ভেংচি, এই যে অরণ্যাভ আঁচলের গিট, আকাশভর্তি সফেদ সন্দেশ—সবই আমার বন্ধুর সহচর। তবুও আমার বন্ধুর হৃদয়মহীতে অসংখ্য বাদামি হাঁস, জুয়ারি নিঃসঙ্গতা, নীলচে দুর্ভিক্ষ আর বিচ্ছেদি বীজ ছড়িয়ে-ছিটিয়ে আছে অমেয় যাতনায়।
আমার বন্ধু—বিহ্বল চক্রবর্তী যার পিঠের হাড়ে শৈশব হত্যার স্মৃতি,যার বৃদ্ধাঙ্গুলিতে ঝরে যাওয়া ফুলের সঞ্চয়, যার বুকপকেটে শোকবিহ্বল পাখিদের ফরিয়াদ—আর যার বাবা গেছেন নৌকাডুবি খেলার বোর্ডে, রাত করে ফিরেন তারা হয়ে। যার মা চাঁদকে জড়িয়ে ধরে ভুলে যাপিতশোক—সে স্থির হয়ে আছে তেইশটি বছর ধরে—আধুরি সংসারে; চোখের জলাধারে।