কবিতা হাংরি ডেট
কবি মিনহাজ রাফি
কাব্যগ্রন্থ বুকের ভেতর আস্ত এক অ্যাকুরিয়াম
সময় ২০২৩
কবিতার বিষয় অন্যান্য, প্রেম
Review This Poem

দীর্ঘ সাতদিন পর তোমার সাথে দেখা
সাথে কোনো উপহার আনতে পারিনি
এনেছি শুধু পেটের খিদে। কথা বলো না—
খিদায় মাথা টনটন করছে। স্কুল ছুটির পর
একটি নীরব কক্ষের মতো বসে থাকো;
প্লিজ কোনো কথা বলো না,
জোনাকফুলের
মতো
চোখদুটো
তাক করে রাখো আমার দিকে,
তোমার দিকে তাকিয়ে থাকি—
যেভাবে বাবার দিকে তাকিয়ে থাকে
বন্ধক দেওয়া মায়ের স্বর্ণগুলো।

প্রিয়া-বুকপকেটে কোনো পয়সাকড়ি নেই,
যা আছে তা তোমার আমার প্রেমের ইতিহাস; এ
ইসব ইতিহাস দিয়ে পেটের জ্বালা মিটবে না জানি—
তবুও খুব যত্নে রাখি।

একটু পর মফস্বলে মাগরিবের আজান হবে
পাখিরা ফিরবে নীড়ে, জানালার পাশে কিশোরী
মেয়ের সমস্ত দুঃখ ভিড় জমাবে,
বাচ্চারা মন খারাপ নিয়ে চলে যাবে পড়ার টেবিলে;
জানি তুমিও আমার খিদে ডিঙিয়ে চলে যাবে;
তবুও তার আগে কিছুক্ষণ থাকো—
খিড়কি খুলে রাখো চোখের
পেটের খিদে নিয়ে তোমার চোখের ভেতর ঢুকে থাকি।
আহা!
জানি এইসবে মিটবে না পেটের জ্বালা।
তবুও-তোমার দিকে তাকালে নিশ্বাস ঘন হতে থাকে
সে নিশ্বাস পেটের জ্বালাকে ক্ষণিকের জন্য ভুলিয়ে রাখে
তাই—চুপচাপ বসে আমার দিকে তাকিয়ে থাকো,
কথা বললে আমার পেটের খিদে বাড়তে পারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted