কবিতা সাফল্যোত্তর ভালোবাসা
কবি খন্দকার মঈন হোসেন
সময় 28-Nov-2026
লিখার স্থান ধানমন্ডি লেক
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

আমার দারিদ্র্যের দিনগুলোতে
ভালোবাসাও ছিল সামর্থ্যের বাইরে কোনো বিলাসিতা।
যোগ্যতার প্রমাণ দিতে দিতে
জীবনের কতগুলো বসন্ত পেরিয়ে এসেছি,
অথচ মানুষ হিসেবে ভালোবাসা পাওয়ার
সামান্য যোগ্যতাটুকুও অর্জন করতে পারিনি।

আজ আমার প্রতিষ্ঠিত ঠিকানায়
ভালোবাসার আমন্ত্রণ আসে নিয়মিত,
অথচ যে বয়সে ভালোবাসার প্রয়োজন ছিল,
সে বয়সটুকু পৃথিবী ফেরত দিতে অপারগ।

সচ্ছলতার অর্থে আজ সমস্ত আয়োজন সম্ভব,
শুধু কেনা যায় না দুঃসময়ে প্রাপ্য সম্মানটুকু,
ফেরানো যায় না অবহেলায় ক্ষয়ে যাওয়া যৌবন।

কী আশ্চর্য মানুষের ভালোবাসার অর্থনীতি!
যখন আমার প্রয়োজন ছিল ভালোবাসার,
তখন পৃথিবীর প্রয়োজন ছিল আমার সাফল্যের।

আজ এত ভালোবাসার আয়োজন—
অথচ যাকে ভালোবাসার কথা ছিল,
সেই মানুষটি প্রতিষ্ঠিত হওয়ার পথে
কতখানি অবশিষ্ট আছে, সে খবর কেউ রাখেনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted