| কবিতা | জীবন : মল্লিকা রায় |
| কবি | মল্লিকা রায় |
| উৎসর্গ | সমস্ত পাঠককে |
জীবন
“”””””””””””‘”‘”””””””””
সেইখানে একফালি প্রেম রেখে আসি
রেখে আসি একটি প্রসারিত হাত
নয়তো থেমে থাকবার মত
সময় কিছুটা,সকালের কিছু মাধুর্য
দ্বিপ্রহরের উষ্ণতা
আর শেষ বিকেলের
কমলা আলোর অভিনন্দন !
প্রস্ফুটন দেখেছো তুমি
পাতার ভেতর পাতার, ফুলের ভেতর কলির
শেকড় থেকে
শেকড়ে বহে চলা
জীবন থেকে জীবনে, টিকে থাকবার
কি দুর্বহ গতি
মৃত্যু তো থেমে যাওয়া
সবকিছুর পরিসমাপ্তি
শত জর্জরেও
আঁকড়ে রাখার আকুতি,দেখেছ তুমি
একটু একটু করে জীবনের পাপড়িগুলো
রঙগুলো, আকৃতিগুলো
মেলে ধরার নামই জীবন
যতক্ষণ সজীব
ততক্ষণ বর্ণ গন্ধ স্পর্শ প্রেম আমি তুমি
মায়া প্রপঞ্চ সব সব।
স্পর্শ একটি ধর্ম, জীবনের
জেগে ওঠার, ভালোবাসার, ছড়িয়ে দেওয়ার মেলে ধরবার
মানুষের সঙ্গে মানুষের, জীবনের সঙ্গে জীবনের
মাছের সাথে জলের মত।
মৃত্যু সত্যি হলেও
আমরা চাই না, ভয় পাই দূরে থাকি
কারণ এর নাম বিচ্ছেদ, বিচ্ছিন্নতা, একাকিত্ব
সেইখানে রেখে আসি কিছুটা সমন্বয়
নিষ্পাপ প্রভাতের মত
একে একে জনারণ্য
ভেদ করে
উদিত হয় জীবনের একফালি আশ্বাস
খসে যাওয়া নির্য্যাসটুক
গেঁথে তুলি চলো একত্র বিশ্বাসে !