কবিতা ধর্ষিতা মেয়েটির গল্প
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ, বিরহ, ভারতবর্ষ, মৃত্যু, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা

****ধর্ষিতা মেয়েটির গল্প****
©আজিজুল হক

মেয়েটি রোজ ধর্ষিত হয়,
হতে হয়, তোমাদের ক্ষিধের তাড়না মেটাতে!
সেই ভালো,
নিজের ইচ্ছে অনিচ্ছার কোনো দ্বায় নেই!
শরীর টা পচে যায়,
অনাস্বাদিত দুর্গন্ধে।
মেয়েটা যুদ্ধে যায়,
ব্যালট চুরির বিরুদ্ধে,
মেয়েটা লড়াইয়ের মাঠে
স্লোগান দেয় দীপ্ত স্বরে,
সেই মেয়েটাই রোজ রাতে, দিনে ধর্ষিত হয়,
মেয়েটার কিন্তু মরে যেতে ইচ্ছে করে না একটুও,
বরং তেজ বাড়ে ক্রমশ..
তোমাদের শরীরের রক্ত গুলোর তেজ তো ঐ এক দু মিনিট!
তাতেই বীরত্ব শেষ!
মেয়েটার ঘৃনা বাড়ে ,
সে হাসে, এই না হলে পুরুষত্ব!
মেয়েটা হাসে, হাটে,পথ চলে ক্রমশ ..
দূরে কোথাও তখনও টিম টিম করে জ্বলছে প্রদীপ,
লাল আগুনের শিখা এখনও তাতে ,
বারুদে ঝাঁজরা মেয়েটা ..
একটা দিয়াশলাই হয়ে উঠছে ক্রমশঃ
ক্লান্ত ধর্ষক মুখ লুকিয়ে শুনছে তার পদধ্বনি আগামীর!
মেয়েটা বীজ ধারণ করে,
অঙ্কুরিত চারা শাখা মেলে ক্রমশ,
ভীড় বাড়ে আড্ডায়, ভোট বাক্স গুলো পরিবর্তিত হয়,
জনমত ভূলুণ্ঠিত, প্রশাসন গড়ে ইচ্ছেমত ইমারত..
মেয়েটা ধর্ষিত হয় প্রতিনিয়ত,
ভেঙে পড়ে না তবুও!
বিছানা টা সে আবারও সাজিয়ে রাখে নুতন কোন পুরুষের মিনিট খানেকের বীরত্ব দেখবে বলে!
জনমতের ধর্ষণ তাকে ভারাক্রান্ত করে না তবুও,
কেন না,সে আগুন জ্বালতে জানে..
সে আগুনে সে তার অনাকাঙ্ক্ষিত ভ্রূণ গুলো কে জন্ম দেবে ..
সে তার ইজ্জতের দামে জন্ম দেবে বীরভদ্রের!
মেয়েটা ধর্ষিত হোক
প্রতিদিন,
তাতেও যদি নুতন জোয়ারে পুরুষত্বের দম টুকু বাড়ে!!
মৃত্যু হোক মানুষের, মানবতার হোক ফাঁসি ,
নুতন ধর্ষক জন্মাক,
ক্ষমতায় বসুক ধর্ষিত মেয়েটির আগুনে 'তা দেয়া জারজ সন্তান!
মেয়েটি বারবার ধর্ষিত হোক,
পুরুষত্বের দম্ভ কত টুকু,
সে টুকু না হয় বিকিয়ে দিক ,
মাননীয় ধর্মাবতার অসহায়ের মতো রায় দিক বারবার..
আর সে রায়ের বিরুদ্ধে আপিলের পর আপিল চলুক ...
আর মেয়েটি ধর্ষিত হোক বারবার , প্রতিনিয়ত ,প্রতিটিবার...
কেন না আমরা নিজেকে ভালোবেসে প্রতিবাদের ভাষা টুকু ভুলে গেছি।
তুমি আরও আরও বেশি ধর্ষিত হও,
আমরা মুখরোচক আলোচনায় মেতে উঠি, হাসি ,
আমাদের ঘরের মেয়েগুলোও ধর্ষিত হোক রোজ রোজ,
দুর্নীতির মত, ব্যালট বাক্সের মত!
যেমন করে ধর্ষিত হয় মাননীয় ধর্মাবতার,
আমাদের আড্ডা গুলো রঙিন হয়ে উঠুক!!!!

©আজিজুল হক
১৩/৭/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted