| কবিতা | ঝাঁপি খোলা রাত |
| কবি | পংকজ পাল |
| সময় | মধ্যরাত |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| সম্পৃক্ততা | গভীর ভালোবাসা |
ঝাঁপি খোলা রাত
–পংকজ পাল
নিশিরাতে ঝাঁপ খুলে তাকে যদি ডাকি—
সে কি আসবে খুব গোপনে, ফুঁসে উঠবে বিষাক্ত ফণায়?
বিষের ভেতর অমৃত খুঁজে মরে একলা এক পাখি,
সংসারের টান মেটে না তো কেবল সামাজিক ছলনাকথায়।
কেউ বলে নীল সয় না কারো, কারোবা সয় না আলো,
আমি তো অন্ধকারের বুকে বিষাক্ত এক প্রেম পুষেছি।
যে সর্প দংশন করে নিঃশব্দে গভীরে,
তার বিষেই তো আমি নিজের প্রতিচ্ছবি চিনেছি।
প্রেমিক এসেছে, চলেও গেছে রেখে যাওয়া ছাইটুকু দিয়ে,
প্রশ্নাতুর চোখগুলো কেবল আঁকড়ে ধরে মেকি উত্তর।
কতটা নীল হলে মানুষ হয়ে ওঠে একাকী নীলকণ্ঠ—
সে কথা কি আর জানে এই হিসেবি, অন্ধ শহর?