কবিতা লকডাউন মার্কেটিং
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২০
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ
Review This Poem

লকডাউন মার্কেটিং
********************
সুজিত কুমার ভৌমিক

টিভির পর্দায় দেখে-“লক ডাউন” হবে,
গিন্নি বলল -“চলো,মজুদ করতে হবে।।

ছুটে যাই বাজারেতে,টোটো এক নিয়ে।
আলু,চাল ও সব্জিটা ভিড়ে ঢুকে ধেয়ে।।

প্রথমেই কিনে ফেলি,আলু দুই বস্তা।
মাননীয়া দাম যে, করেছে খুব সস্তা!

সব্জী বাজারে ঢুকে, পাগলেরই মতো।
দুই তিন কেজি করে,কিনে যায় যতো।।

“এত কিছু কেননা?”-বলি দূর্বল ভাবে।
বলে মোকে -” জানোনা,লক ডাউন হবে।।

ভূষিমাল দোকানেতে, দেয় সে লম্বা লিষ্ট।
মনে ভাবি বিয়েতে ও, এত করিনি ফিষ্ট।।

মুগ ডাল দশ কেজি,মুসুর আধমন।
পেঁয়াজটা ছোট করে, নিয়েছে দেড়মন।।

আধমন আটা কিনে, থাকে চুপটি করে।
ভেবে আরও পাঁচ লিখে,নিয়ে নেয় ভরে।।

গুঁড়ো গুঁড়ো মশলাটা, কিনে থলে ভরে।
ঘৃত, মধূ, হিংটাকে, ভরে টিপে ধরে।।

দুধওয়ালার হাতে যদি, থাকে ভাইরাস!
কেঁপে কেঁপে চোখ বড়, গিন্নির নাভিশ্বাস।।

প্যাকেটের দুধ কিনে, থলে ভরে যায়।
কেজি কেজি চা পাতা ও, ভুলে নাহি যায়।।

দানা চানা বিস্কুট, পেটি পেটি কিনে।
লবন ও সাবান, ভরে নেয় গুনে।।

তেলটিন পাঁচটিযে, টোটোতে না ধরে।
গিন্নি বলে-“মোরা যাব, হাঁটি হাঁটি করে।।

সব কিছু কিনে বলে, নিয়ে স্বস্তির হাসি-
“শাড়ী গয়না কিনে নিলে, হবে নাতো বাসি?”

guest
0 Comments
Newest
Oldest Most Voted