| কবিতা | অহেতুক সময় নষ্ট হলো |
| কবি | ঋত্বিক শংকর সেন |
| সময় | ২৪ এপ্রিল, ২০২০ |
| লিখার স্থান | নন্দনকানন, চট্টগ্রাম |
তোমায় ভালোবাসবো বলে -
প্রতি বিশ্বাসে গল্প লিখবো ভেবে,
প্রতি নিঃশ্বাসে কবিতা লিখেছি!
নিঃসঙ্গতায় বিরহের চাষ করে,
মানবিক উৎকর্ষে ছিন্নমূলকে দান করেছি কয়েক কেজি চাল।
তোমায় ভালোবাসবো বলে -
নির্ঘুম রাতগুলোতে একটি সিগারেটও রাখিনি সাথে, রাখিনি মদ্য,
মধ্যরাতে গলা ছেড়ে পড়েছি কেবল রুদ্র কিংবা ফয়েজের বিখ্যাত দু-এক পদ্য।
তোমায় ভালোবাসবো বলে -
ভয়ঙ্কর বৃষ্টিতে না ভেজে,
গ্রীল চেপে দাঁড়িয়েছিলাম সমগ্র বিকেল,
ফাঁকে ফাঁকে শুঁকেছি বৃষ্টির গন্ধ। পেয়েছি অমৃত সুখ।
তোমায় ভালোবাসবো বলে -
এদিক-ওদিক, মসজিদ-মন্দির-বিজ্ঞান চষে ঘুরেছি,
মাজারে দিয়েছি কয়েকশো কয়েন।
বিজ্ঞানের কাছে খুঁজেছি যুক্তি, আর ধর্মের কাছে ভাগ্য।
তবুও সত্য কি জানো - অহেতুক সময় নষ্ট হলো।
তোমায় ভালোবাসতে পারিনি,
তোমায় ভালোবাসতে পারবো না।
নিজেকে ভালোবাসি বলে, নিজেকে ভালোবাসবো বলে।
