কবিতা আমি দেশদ্রোহী নই
কবি পংকজ পাল
সময় রাত ৪টা
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আমি দেশদ্রোহী নই,
নই কারো গোছানো পথের অন্তরায়,
কারো ইচ্ছে কখনো খুন করিনি,
কেন ঘিরে রেখেছ আমায়!

তপ্ত রোদে মরুপথে একাই এসেছি গন্তব্যে,
রক্তজবায় এঁকেছি প্রেমের সহস্র গল্প,
কেন ত্রিশুল তাক করে আছো আমার দিকে,
ভাঙ্গা সিঁড়ি বাইতে বাইতে আজ আমি এখানে,
তবুও কেন আমাকেই টার্গেট করলে,
ছেঁড়া ফুলের পাপড়ির মতো-
মৃত্তিকার সাথে মিশিয়ে দিতে।

আমি তো কোনো অভিনেতা নই,
মঞ্চ দখলের কোনো অভিলাষ নেই আমার,,
কেবল পদ্মনাভ খুঁজি আত্মার অস্তিত্বে,
খসে পড়া প্রত্যেকটি তারকায়,
সোনালি রোদের চাদরে,
ঝড়ো বৃষ্টির ওড়নার মাঝে,
সাগরের নীল ঢেউয়ের ভাঁজে।

সমুদ্র মন্থন করে নিয়ে আসতে চাই
একফোঁটা অমৃত,
আত্মা পরিশুদ্ধ করতে,
কেন ছায়ার মতো লেগে আছো
ঘিরে রেখেছ আমায়.. ?
আমি কিংশুক নই..
নই কারো ভালোবাসার পংক্তিমালা
আমার জীবন পরিমন্ডল
স্বচ্ছ নীল আকাশ..
শুধুই স্বচ্ছ নীল আকাশ!
আমি দেশদ্রোহী নই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted