| কবিতা | বিস্মৃতি |
| কবি | মেহেদী হাসান অপু |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রেম, বিরহ |
হয়তো কোনো এক ধূসর সন্ধ্যায় আমাদের পথ আর এক হবে না,
তুমি হয়তো নতুন কোনো শহরের ব্যস্ততায় খুঁজে নেবে অন্য আশ্রয়।
তবুও কি স্মৃতির ধুলো ঝেড়ে একবারও ভাববে—
কতটা প্রহর আমরা কাটিয়েছি ছায়ার মতো পাশাপাশি?
বাকি ছিল তো আরও সহস্র আলাপ, আরও কিছু বিষন্ন বিকেলের নীরবতা!
তোমার চোখের গভীরে কতবার খুঁজেছি নিজের অস্তিত্বের নাম,
কতবার নিঃশব্দে লিখেছি আমাদের সেই অসমাপ্ত উপাখ্যান;
তবুও যদি আমায় বিস্মৃতির কুয়াশায় হারিয়ে দিতে চাও, দিও
তোমার উদাসীনতার ভিড়ে কতবার হারিয়েছি নিজের সত্তা,
তবুও তোমাকে চেনা হয়নি কখনো;
আমি তো কেবল তোমার প্রান্তরে
ফেলে এসেছি আমার বেঁচে থাকার শেষটুকু স্পন্দন।
ভালো থেকো তুমি বসন্তের উজ্জ্বল রোদ হয়ে,
হাজারো সুখের প্রহরে থেকো অমলিন;
আমি না হয় কুয়াশার চাদরে ঢাকা—
এক বিস্মৃত বিলীন,অর্বাচীন,
চিহ্নহীন।