| কবিতা | কে তুমি দাঁড়াও… |
| কবি | মল্লিকা রায় |
| সময় | ৭ মিনিট |
| উৎসর্গ | কবিতা অঞ্চলকে |
| লিখার স্থান | বাসভবনে |
| সম্পৃক্ততা | জীবনমুখী |
কে তুমি দাঁড়াও…
আঁধারের নিশ্চিদ্র উত্তাপ জেগে থাকে
গভীর প্রদাহে। ঝিঁঝিঁ ডাক নিশাচর
সুদূর আকাশপথে ভেসে থাকা
মেঘের ভেতর।
নাক্ষত্রী আকাশ ওগো তোমার প্রণয়ে
উষ্ণ শ্বাস লীন হয়ে আছে
মেঘেদের নীরব প্রতিকৃতে। কে তুমি…
কি ভীষণ জমাট আঁধারে
ধূধূ এক দগ্ধক্ষেত্র তীরে ঢেউয়ের আঘাতে
একাকী পৃথিবী যেন ক্লান্ত অচেতন
শিশুর মত
তোমাতে ধারণ। তুমি কে…
এই ভালো প্রতিমূর্ত আমি
জেগে থাকি বৃত্তায়ন পথে চির আনাগোনা
প্রতিস্বর প্রতিশব্দ হয়ে।
দুবাহু হৃদয়ে হাহারব বঞ্চিত অধর
শত বরষের পূঞ্জীভূত ক্ষোভ
মিশে আছো রাত্র প্রহরে।
কে তুমি জমাট বাঁধো আঁধার কুয়াশে
উপস্থিতি যেন এই কুহক বলয়ে
প্রশ্বাসের পরে। লীন হয়ে আছো…
শিরায় শিরায় কিসের দহন
গাঢ় হয় গূঢ় হয় ক্রমে শারীর পিপাসা
প্রতিটি প্রহর চিরে গভীর আঁধারে
মূর্ত সেই চির উদাসীর…?