কবিতা প্রতিতী
কবি নিলুফার গনি
সময় অক্টোবর , ২০২৩
কবিতার বিষয় আশা

শেষবিকেলের রবি
যখন ছুঁয়ে যায়
অস্তাচলের ক্রান্তিরেখা,
সায়ন্তিকার বিদায়বেলায়
ওপাশ থেকে ইন্দুলেখা,
আকাশপাড়ে উঠে জেগে।
বিভাবরীর নিকষ তিমিরে
তবু জোছনার আলো ঝরে,
ফোটা ফোটা শিশিরে ।
জোছনার নরম পালকে
বোনা সোনালী ডানায়
স্বপ্ন সারথী হয়ে সুরে সুরে
চলে যাই অনেক দূরে।
নিশ্ছিদ্র বাস্তবতার বার্তা নিয়ে যখন
দীপঙ্কর দীপ জ্বালে পূর্ব গগনে,
স্বপ্নের তার ছিঁড়ে তখন
ফিরে আসি চেতনপুরে।
ধীরে ধীরে সব ঘুমন্ত বিহগেরা
সজাগ হয় তপন তাপনে।
একটি দিনের হয় প্রারম্ভ।
মেঘের পালকেরা রূপালি ভেলায়-
নিয়ে আসে অনেক রৌদ্র।
অহনার প্রথমরোদটুকু গায়ে মেখে-
হিসাবের চিত্রলেখ যাই এঁকে।
প্রহরগুলোর সিড়ি বেয়ে
উঠতে যাই স্বপ্নগুলো ছুঁয়ে।
কখনও বা অনুকূল পবনে
ছুঁয়ে যাই প্রাপ্তির সীমানা,
কখনবা রুদ্র বাতাসের কম্পনে
হারিয়ে যায় স্বপ্নের ঠিকানা।
মুছে যায় পাঁপড়িতে লেগে থাকা
লাল, নীল আলপনার অঞ্জন।
আলো আঁধারের ছায়াবৃত্তে
চন্দ্রিমায় দোল খাওয়া স্বপ্নবুনন,
দিনের কঠিন আলোয় হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া খুব বেদনার।
খুব যত্ন করে কাননের কোলে
ভেজা মাটির গন্ধ মেখে
যখন একটি মুকুল স্বপ্ন দেখে-
গুটি গুটি পায়ে আকাশ ছোঁয়ার
কী এক আবিষ্টতায় তার কল্পনাগুলো
প্রজাপতির লাল নীল পাখায় দোলে।
হঠাৎ কোন কালো ধোঁয়ার বলয়
গুড়িয়ে দেয় তার স্বপ্ননিলয়,
আকাশ ছোঁওয়া আর হয়না।
অবিচ্ছুরিত স্বপ্নকলি
তার পাপড়িপাতায় থেকে যায়।
সুপ্ত কষ্টের জল বৃষ্টিতে মিশে যায়।
তবু হৃদয় বিহগকে বলি
তুমি হয়োনা শ্রান্ত।
স্বপ্নের ডানাকে উড়তে দিও।
গতিপথে দিওনা ক্ষান্ত
আজ না হয় কাল
সে নীলাচল ভেদ করে
রৌদ্রমুকুরে তুলবে পাল
হয়তো অন্য কোন আকাশভবনে
বিকশিত হবে তার স্বপ্নজাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted