কবিতা বেয়াড়া প্রশ্নে মানবতা
কবি নিলয় রায়
সময় 27/03/2026
উৎসর্গ বাবা
লিখার স্থান বানারীপাড়া
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক
Review This Poem

আমার ছোট্ট মেয়েটা সেদিন, আমার কাছে এসে-
চিন্তিত মুখ, ভ্রূ কুচকে বসলো দেখি পাশে!
আচ্ছা বাবা, বলোতো আমায়, –
‘এই যে বড়ো সূয্যিমামা, জ্বলছে বেশতো তেজে-
বহুউ বছর পরে নাকি, নিভবে তার আলো-
কি হবে গো পৃথিবীটার, যাবে তো বারোটা বেজে;
আঁধারে ঢাকবে চারিদিক নাকি, দেখা যাবে না ভালো!
কি হবে গো মানুষ গুলোর, বলবে কোথায় যাই?’-
শিখলি কোথায়? ভূগোল বইয়ে? ওরে পাকা বুড়ি-
ভাল্লাগেনা, পাত্তা দাওনা, যাওতো দূরছাই!

আচ্ছা বাবা, শোন তবে, মানুষ ততদিনে-
দূর জগতে ডাক পাঠাবে, গ্রহই নেবে কিনে!
‘আচ্ছা বাবা, অতোটা দূরে যদি না যেতে পারি?’
বলতে বলতে মহাচিন্তায়, আবার যে মুখ হাড়ি!

এটাই প্রশ্ন?- ‘না গো বাবা, অন্য একটা কথা!’
‘যদি সত্যিই একদিন হারিয়ে যাবো! -তো ঝগড়া কেন করি?
স্যার মারে, মা-ও মারে যখন তখন অযথা!
তোমরাও তো সেদিন পতাকা হাতে মিছিল-মারামারি!’

‘আচ্ছা বাবা, পারিনা থাকতে সবাই মিলে ভালো?
কোরো হিসেব; সূয্যিমামার নিভবে যেদিন আলো!’

সত্যিই তো মা রে আমার, দ্বেষ হিংসের ভারে-
কোথায় হাশর? কে-ই বা দাঁতে তুলবে পৃথিবীটারে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted