| কবিতা | এমন একটা দিন থেমে যাক |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | স্বরচিত নির্জনতা |
| সময় | সেপ্টেম্বর ২০২১ |
| উৎসর্গ | নন্দিনীকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | শারদীয়া উৎসবে |
| কবিতার বিষয় | প্রেম |
এমন একটা দিন থেমে যাক
এমন একটা দিন থেমে যাক
শরতে; তবে
সারাটা দিন সুর ভেসে যাক
শারদ উৎসবে
এমন একটা সন্ধ্যা আসুক
শীতের মোহনায়,
জোনাকিরা আলোয় ভাসুক
তোমার অর্চনায়
এমন একটা চাঁদ জুটে যাক
অনন্ত নভে
পূর্ণিমাতে ফুল ফুটে থাক
পত্র পল্লবে
শীতার্ত বন উষ্ণতাদের দোষ
খোঁজে বস্তুত
ঘূর্ণি ও ঝরাপাতাদের দ্বন্দ্ব
মিটুক দ্রুত
পাঁচ ফাগুনের পাখির জীবন
নিত্য নীড়চ্যুত!
মিথস্ক্রিয়ায় আপনজনও
খুঁজবে না ছল ছুতো
বসন্ত থাক ঠাঁয় দাঁড়িয়ে তোমার
আঙিনায়
ফাগুন যেন দিক হারিয়ে এ পথ
দিয়ে যায়...
ভালবাসার অমৃত যতো তোমার
জন্য তা
সময় কাটা ঘুড়ির মতো উড়ায়
বিষন্নতা