| কবিতা | নীল আকাশ |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, রূপক |
নীল আকাশের সাথে,
আমার মনের যে কী সম্পর্ক আছে-
বুঝতে পারিনা।
যখনই তাকাই ওর দিকে-
এক অদ্ভুত আকর্ষণ অনুভব করি,
যেন মনে হয় আমায় ডাকছে,
যেতে বলছে।
এ সম্পর্কের ব্যাখ্যা আমি
সারা জীবন ধরে দিলেও তা সম্পূর্ণ হবে না।
সন্তান যেমন তার মায়ের কাছে,
মনের সকল কথা প্রকাশ করে-
আমি ঠিক তেমনিভাবে,
নীল আকাশের সাথে কথা বলি,
মনের যত রাগ দুঃখ আনন্দ হাসি-
সব উজাড় করে দিই।
কিশোরী রূপবতী কন্যার হাঁটন চলনে
যেমন পুরুষের পর পুরুষ মোহিত হয়ে যায়,
তার সাথে বন্ধুত্ব করতে চায়,
সময় কাটাতে চায়,
কথা বলতে চায়,
নীল আকাশের প্রতি আমার টান যেন সেরকমই।
কখনও কখনও অবাস্তব সাধ জাগে-
ভাবি, ওর সাথে বিবাহ করলে কেমন হয়?
যে যাকে পছন্দ করে, ভালোবাসে
তার সাথেই তো এক নিবিড় বন্ধনে আবদ্ধ হতে চায়।
পরে ভাবি আমি কি পাগল হয়ে গেলাম?
নীল আকাশের বুকে যখন দেখি ভেসে বেড়ায় দুধসাদা মেঘ-
আমি যেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা।
মনে হয় তখনই এক ছুটে ওদের কাছে চলে যাই,
ওদের এই বুকের মধ্যে ভরে নিই।
ইচ্ছা করে কোনো কাজ করব না আর,
শুধু মেঘেদের পিঠে চড়ে ঘুরে বেড়াব দেশ বিদেশ।
কিন্তু না তা হয়না।
তাই সেই মনের দুঃখেই লিখে চলি
পাতার পর পাতা ধরে-
সময়ের কোনো হিসেব না করে
নীল আকাশকে নিয়ে কত কবিতা।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭মে,২০২৩,বিকাল, বারুইপুর
হ