কবিতা ছায়ার চাদরে মৃত্যুঞ্জয়
কবি অভিজিৎ হালদার
সময় ৩রা জুলাই ২০২৫ , সকাল
লিখার স্থান নদীয়া , পশ্চিমবঙ্গ।
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

ছায়ার চাদরে মৃত্যুঞ্জয়
– অভিজিৎ হালদার

আমি জানি,
আমার অন্ধকার ক্ষয়িষ্ণু হৃদয়ে
ফুটে আছে বসন্তের মৃত ফুল,
যাদের সুবাস আজ কেবলই অতীতের ফটোগ্রাফে—
রক্তমাখা ক্যানভাসে আঁকা এক দুঃস্বপ্ন।

প্রেমিকার চোখে জমে থাকা
অশ্রুর অতল গহ্বরে
একটি পৃথিবী ডুবে গেছে—
সেখানে আমি নেই, অথবা পৃথিবীর কোনো প্রেমিক সেখানে নেই
শুধু গুলিবিদ্ধ এক আত্মার আর্তনাদ
প্রবাহিত হয়েছে আমার শিরায় শিরায়
এবং সে প্রবাহ আঁকছে
তৃতীয় বিশ্বযুদ্ধের মানচিত্র,
যেখানে ভালোবাসা নিষিদ্ধ অস্ত্র,
যেখানে চুম্বন এক নিষিদ্ধ চুক্তি।

আমি জানি,
আমার জন্মের অনেক আগেই
যে বৃক্ষটি দাঁড়িয়ে ছিল নিঃশব্দে,
সে ছিল আমার ছায়ার প্রাচীন উপাসক—
আমার পদচিহ্নের প্রতীক্ষায় শতাব্দী পেরোনো।
সে দেখেছে আমার প্রথম কান্না,
জেনেছে প্রথম প্রেমের ব্যর্থতা,
তবে কিছু বলেনি—
শুধু ছায়া বিছিয়ে দিয়েছে পথজুড়ে।

এখন আমি সেই বৃক্ষের দৃষ্টিতেই
আমার মৃত্যুকে উপলব্ধি করি—
সে জানে,
আমার দেহে জমে থাকা
শেষ পাপড়িটিও ঝরে যাবে
যেদিন নিঃশ্বাস হবে নিঃশেষ।

তবুও, মৃত্যুর পরে সে বৃক্ষ
আমার কঙ্কাল ছুঁয়ে বলবে—
তুমি ক্লান্ত ছিলে,
আমি ছায়া হয়ে ছিলাম—আছি —থাকবো…

আকাশের দগ্ধ নীলিমা থেকে
নেমে আসে এক অন্ধ জ্যোৎস্না,
আমার কবরে সে ছুঁড়ে ফেলে প্রেমিকার লেখা চিঠি—
ঝলসে যাওয়া অক্ষরগুলো ছুঁয়ে দেখি,
যেমন ছুঁয়েছিলাম তার শেষ চুম্বনের কম্পন।

যে রাতে আমি নিজেকে হত্যা করেছিলাম
একটি কবিতা না লিখতে পারার দুঃখে,
সে রাতেই যুদ্ধ শুরু হয়েছিল
আমার মগজে আর হৃদয়ে।
আজ সেই যুদ্ধ শেষ,
আমি মৃত,
তবুও শব্দেরা আমার কফিনে আগুন জ্বালায়—

আর তখনই, সেই পুরোনো বৃক্ষ,
নীরবে আমাকে ছায়ার চাদরে মুড়ে দেয়,
ঠিক যেন পৃথিবী আবার নতুন করে
একটি প্রেমিকের জন্ম দিলো
যার হৃদয়ে বসন্তের মৃত ফুল আবার ফুটবে,
যার কবিতায় যুদ্ধ নয়—
থাকবে শুধু প্রেমিকার চোখের নীলতা।।

© Copyright Reserved
Abhijit Halder

guest
0 Comments
Newest
Oldest Most Voted