| কবিতা | একটি ছেলে |
| কবি | মেহেদী হাসান অপু |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
তোমাকে ভালোবেসে—
একটি ছেলে হেঁটে বেড়ায় এই শহরের ক্লান্ত অলিগলি,
পায়ের নিচে ঝরে পড়ে শুকনো পত্রের দীর্ঘশ্বাস,
নৈঃশব্দ্যের ছায়ায় সে খোঁজে তোমার নাম—
আধভাঙা দেওয়ালে, রেলিংয়ের মরচে ধরা চিৎকারে।
তার চোখে এখনো তোমার হাসির আলো,
যেন সন্ধ্যার শেষ সূর্যরেখা—
যা ডুবেও যায়, কিন্তু ফেলে যায় রক্তিম প্রতিশ্রুতি।
সে এখন কবিতা লেখে না,
তবু প্রতিটি নিঃশ্বাস তার একেকটি অক্ষর—
তোমার উদ্দেশ্যে লেখা, নিঃশব্দে উচ্চারিত।
চেনা পথগুলো আজ অপরিচিত,
পোস্টার ঢাকা দেয়ালে সে খোঁজে তোমার মুখাবয়ব,
ভাঙ্গা ল্যাম্পপোস্টের আলোয়—
সে দেখে এক আকাশ বিষণ্নতা,
এক সমুদ্র নিরবতা নিঃসঙ্গতা
সে জানে না, কোথায় থামবে এই যাত্রা,
কেবল ভালোবাসা পুঁজি করে
সে পেরোয় প্রহরের পর প্রহর,
যেন শহরটাই এখন এক দীর্ঘ অপেক্ষা।
তুমি তার আরাধ্য—
আর সে, এক ক্লান্ত অথচ অপরাজেয় পাগল,
ভালোবাসার নগ্ন সত্য বুকে নিয়ে
চলে যায় অলিক কোনো সম্ভাবনার পথে।