কবিতা একটা কবিতা লেখবো বলে
কবি এফাজ মোবারক
সময় রাত ১:৫৫, ২১ জানুয়ারি ২৩
লিখার স্থান মোহাম্মদপুর, ঢাকা
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, প্রেম, বিরহ
4/5 - (3 votes)

একটা কবিতা লেখবো বলে বেঁচে আছি
কেবল একটা—
পৃথিবীর এত শখ থাকতেও কেন যেন কবি হবার পাপ জাগলো
সে প্রশ্ন করতে করতে করতে করতে করতে করতে করতে
নিজেকে বিরক্ত করে তুলেছি—

গরম চায়ের কাপে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়েছি
কোন কারণ ছাড়া প্রেমিকা ছেড়েছি, বউকে তালাক দিয়েছি
ঢাকার অলিগলি চষে বেড়িয়েছি
জেনে বুঝে নিকোটিন উড়িয়েছি
অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায়
রাত দিন সমান করেছি—
ভাত না খেয়ে তিনবেলা পানি খেয়েছি
টাকা থাকতেও আলু ভর্তা ডাল দিয়ে দিন পার করেছি
প্রেমিকা, বউ, বান্ধবী থাকতেও পরনারী নিয়ে পুরান ঢাকা ঘুরেছি—

মনের ভেতর আরেক মন তৈরি করেছি
সেখানে শীতকে বর্ষাকাল বানিয়েছি ভিজেছি
ফাঁকা রাস্তায় পানি ভরে ডুবে ডুবে রাস্তা পার হয়েছি
বাড়ির ছাদে ধান, পাট, গম, পেয়াজ চাষ করেছি—

কবিতা লেখার অনুশীলনে ময়লা জামায় দিনের পর দিন আতর মেখেছি
ফরজ ছাড়া গোসল করিনি
দেয়ালে দেয়ালে কয়লা, ইট দিয়ে লিখে জরিমানা দিয়েছি
ন্যংটা হয়ে মধ্যেরাতে নাচার চেষ্টা করেছি
ফুটপাতে ঘুমিয়েছি
পঁচা খাবার খেয়ে বমি করেছি
পাঁচ তারকা হোটেলে যেয়ে এলিট নারীদের স্তনে দৃষ্টিপাত করেছি
রাস্তার দাঁড়িয়ে খদ্দের খোঁজা পতিতার আহ্বানে সাড়া দিয়েছি
৭ দফা, ১১ দফা, সরকার পতন, ধর্ষক ও নবীব অবমাননাকারীর ফাঁসির আন্দোলনে যোগ দিয়েছি
শাদা কাফন কপালে বেঁধে নেতার মিথ্যা মামলা প্রত্যাহারে অনশনে থেকেছি
সরকারি দলের লোক হয়ে নির্বাচন করেছি—

মন খারাপের ভেতরও শত শত ঢাউস ঢাউস কিতাব অধ্যায়ন করেছি
ইতিহাস, দর্শন, রাজনীতি, অর্থনৈতিক
মার্কসবাদ, আধুনিকবাদ, যৌনবাদ, প্রাচ্যবাদ, ধর্মতত্ব
গদ্য, গল্প, কবিতা, উপন্যাস, আত্মজীবনী পড়েছি—

পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও ইদের নামাজ, তাহাজ্জুদের কাবা শরিফের গেলাফ ধরে মনে প্রাণে প্রার্থনা করেছি, প্রতীক্ষায় থেকেছি, হতাশ হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছি, তাওবা করেছি সমস্ত অতীত থেকে—
কেবল একটা—
একটা কবিতা লেখবো বলে বেঁচে আছি :

guest
0 Comments
Newest
Oldest Most Voted