কবিতা নাচপর্ব
কবি সোহাগ রেহমান
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রেম, বিরহ, রূপক
Review This Poem

রৌদ্রস্নানে পরিপাটি সকালের দিকে ঝুঁকে পড়ে কেউ,
কেউ কেউ ঝোঁকে তারা বিছানো রাতে। কন্ঠে তোলে যৌথ ক্রিয়ার ঢেউ।

জোয়ার এলে ভাসায়, ভাঁটাকালে হাসায়।
কিছু মানুষ আবার গণিতবিদের মতো অঙ্ক কষে হাঁটতে ভালোবাসে;
আমি তো অঙ্কে দূর্বল।
গণিতবিদও নই— কবি।
আমাকে ডেকে নিতে আসে স্বয়ং পথ।

শব্দ আঁকি
ভাষাজলে ভিজে থাকি
মাটিতে ঘুড়ি উড়িয়ে
আকাশটা’কে বেঁধে রাখি— খাটের পায়ার সাথে।

সূর্যডোবা ভোর রাঙিয়ে,
আমাদের শয়নশয্যা আনন্দে নাচে— সাথে আমরাও নাচতে থাকি…

নাচপর্ব শেষ হলে,
অতি সন্তর্পনে বেরিয়ে আসে কমলালেবুর ফিলোসোফি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted