| কবিতা | রূপান্তর |
| কবি | রাহাদ এইচ. শিশির |
তুমি আর আমি
ভিনদেশী সিনেমার মত
আধো আধো কারো কারো উঁকি দেই মনে
ফিরে এসো, ফিরে এসো
ঘাসের জীবনে জল
তোমাকে শোনাবো নতুন মেটামরফোসিস
কিংবা নতুন বিপ্লবের জন্য বিভিন্ন চতুর ছল;
বহুদূর চলে যেতে হয়
কারো ডাকে সাড়া দিতে হয়
বুকের ভেতরের নীল জড়িয়ে
ডিঙিয়ে পার হতে হয় যেকোন বাণিজ্য বন্দর;
তবুও তার সাথে হবে না দেখা
যার দু’টি চোখ ধনুকের মত বাঁকা
শুধু তীরের মত ধারালো জিহবায়
ছড়িয়ে রবে আগামীর বিপ্লব।
ফিরে এসো অন্ধকারে
পর্দার আড়ালের মেয়েরা
যারা পর্বতশিঙ্গ থেকে নেমে এসেছে প্রমিথিউসের সাথে
এরপর তুমি আর আমি
আগুনের অন্ধকারে
মরে যাওয়া নক্ষত্রের নিরবতার শোকসঙ্গীত হবো;
তুমি যদি নাও আসো
আমি আনন্দে রবো জেগে
নক্ষত্রের মত মরে যাবো
শীতের তীব্র ঘ্রাণ বুকে নিয়ে;
বলো বিপ্লব, বলি প্রেম
বলো মনীষীর গান
কিঞ্চিৎ আলো দেয় জোনাকি
সূরের দোতারা, বিরহের সেতার
তবুও আমি আনন্দে রবো জেগে।
বলো বিপ্লব, বলি প্রেম
বলো বিপ্লব, বলি প্রেম