কবিতা দুঃসময়: স্বপ্নে ও প্রেমে
কবি সুমন মুহম্মদ
কবিতার বিষয় সমসাময়িক
4.3/5 - (3 votes)

বুক পকেটে অস্থাবর স্বপ্ন নিয়ে হাঁটি;
এ বৈশাখ নিরুত্তাপে কাটিয়ে
সামনের মৌসুমে ঘরে তুলবো আগুন!
মুখ ধোবো শ্যামাবরণ বধূর
ঈষৎ নুয়ে পড়া অভিমানী নাকের ঘামে!

আজকাল মৃত্যু দেখতে দেখতে-
স্বপ্নগুলোর মেটাফর দৃষ্টিজুড়ে
অনায়াসে নির্লিপ্ততা নেমে আসে!
নৈঃশব্দ্যসমেত রাতের শুকনো ঠোঁটে
ভেসে থাকে হাসির মৃত কোষ!

তবে কোথায় যাবে?
জুম মিটিংয়ের প্রস্তাবিত রাত শেষে
ডাইনিং স্পেসে ভাঙ্গে বুদ্ধিজীবীর হাট!
আর প্রেম?
নৈরাশ্য এবং নাতিশীতোষ্ণতা
সমার্থক হওয়ার পর থেকে
স্থাবর আলিঙ্গনগুলো মুঠোয় ভরে
প্রত্যহ শোকেসে সাজিয়ে রাখি মুগ্ধতা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted