| কবিতা | ফেব্রুয়ারির চঞ্চলতা |
| কবি | সিতাপ পাল |
| সময় | ফেব্রুয়ারি, ২০২১ |
| লিখার স্থান | চুনারুঘাট, হবিগঞ্জ |
| কবিতার বিষয় | স্বাধীনতা |
আকাশ এখন প্রবোধহীন
আমের মুকুলে বিষণ্নতা,
কৃষ্ণচূড়ার আভা পুরোপুরি ছড়ায়নি।
মনের গহিনে কোথায় যেন চিনচিনে ব্যথা
অস্থির হাওয়া চিৎকার করে বলে,
‘ফেব্রুয়ারির চঞ্চলতা’।
হঠাৎ আমার মর্মস্পর্শী আবেগ জেগে উঠে,
কাদের হৃদয়বিদারক কান্নায় যেন বুক ভেসে যায়
আর্তনাদ এমন, বোধ করি—
বাংলা অক্ষর, শব্দ কিংবা বাক্যের লেলিহান দাবানল!
আকাশ এখনো ক্ষুণ্ন,
মাতৃভাষার প্রতি প্রেম, একদিন যাদের
টেনে নিয়ে গিয়েছিল এই আকাশের পানে—
তাদের প্রতি সহস্র শ্রদ্ধা।
অবশেষে কৃষ্ণচূড়া হোক রক্তাভ,
আম্রমুকুল বিজয় উল্লাসে উঠুক মেতে,
একুশ হোক ভাষার প্রতি ভালোবাসার ঋতু।