কবিতা আধ-খাওয়া উপন্যাস
কবি সিতাপ পাল
সময় মার্চ, ২০২২
লিখার স্থান মৌলভীবাজার, সিলেট
কবিতার বিষয় প্রেম
Review This Poem

– ধর, কোনো একদিন সত্যিকারের পাখি হলি
উড়ে গেলি দূর বহুদূর।
খরকুটোয় মুড়ানো নতুন বাসা, সংসারও নতুন।
আমি কেবল তোর কিচিরমিচিরগুলো
একটা অসমাপ্ত উপন্যাসের মতো
বুকের বা’পাশে গুছিয়ে রেখে দিলাম যত্ন করে।
সেই উপন্যাসের পাতায়-পাতায় বাসা বাঁধল ধুলোবালি;
উপরের কয়েকটা পৃষ্ঠা হলো ইঁদুর-তেলাপোকার সুখাদ্য।
তুই কি ভীষণ খুশি হবি?

– ধর, কোনো একদিন সত্যিকারের পাখি হলাম।
উড়ে গেলাম দূর বহুদূর।
ধরে নে, বাসা বাঁধলাম না
সংসারও পাতলাম না।
ঐ দূরে, নীল জগতের আলোয়
নিজেকে বিলিয়ে দিলাম উজাড় করে।
ডানা মেলে উড়েছি আর খুঁজেছি। কী খুঁজেছি?
তোর অসমাপ্ত উপন্যাসের বাকি অর্ধেকটা গল্প।
তারপর, হঠাৎ একদিন রংধনু মিশিয়ে বৃষ্টিস্নান শেষে
ফিরে এলাম আবারও তোর কাছে।
ছিন্ন-বিচ্ছিন্ন আধ-খাওয়া উপন্যাসটা উদ্ধার করে
দু’জন মিলে লিখতে বসলাম শেষের অর্ধেকটা।
কেমন হবে বল তো?

– তোর তাহলে সত্যি-ই উড়ে যাওয়ার সাধ?

– মোটেও না, শত ঝড়-ঝাপটা পেরিয়েও আমার—
তোর কাছে ফিরে আসার সাধ!
উপন্যাসের শেষ পৃষ্ঠা অবধি
‘আমি’ চরিত্রটাকে বাঁচিয়ে রাখার সাধ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted