কবিতা অসহ্যকর সৌন্দর্য
কবি সিতাপ পাল
সময় সেপ্টেম্বর ৮, ২০২৩, গভীর রাত
লিখার স্থান হবিগঞ্জ
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

সৌন্দর্য হঠাৎ অসহ্য হয়ে ফোটে
ফুলের কলির মতো গাছের বুক দখল করে বসে
সূর্যগ্রহনের আকাশে তামার স্ফুলিঙ্গ আবির্ভূত হয়
হৃদয়ের শেকল ছিঁড়ে এত হাহাকার ছড়ালো হৃদয়, তবু—
পূর্ণিমার হাওয়ায় গ্রহন ফিরে ফিরে আসে কেন বারবার?
তোকেও সেই সৌন্দর্যের মতো অসহ্য মনে হয় হঠাৎ
কিংবা তোর সৌন্দর্যে জন্মে ওঠে জোছনার রাত
এমন নিঃসঙ্গ অনুভূতির সময়ে পদচারণার জোয়ার
মেঘের সাথে আজ উড়ে কেন এলো বাসন্তী রাঙা ঢেউ?
একেকটি রাতকে বোধ করি কালো অন্ধকার টিউলিপ
চাদরে মুড়ানো শীতের মতো উথালপাথাল হাওয়া
ধর, একবার হাত দুখানা শক্ত করে ধরে দেখ—
ঝরণার কলরব, চেতনার শীতল রক্ত চলাচল!
প্রার্থনার দীপ্তিতে প্রদীপের আলো ভয়ে শিউরে ওঠে
এত পথ ফেলে এসে এই বুকে মাথা গুঁজে দেয় ঈশ্বরীর রূপ
সৌন্দর্যের তাপে বুক জ্বলে উঠে, চারপাশে শুধুই ধ্বংসস্তূপ!
পোড়া তামার গন্ধে ভুল জন্মের কথা মনে পড়ে যায়;
এই জন্মে ছুঁয়ে দেখা হলো না যে ফুল,
পরের জন্মে নদীর তীরে, বৃক্ষতলে ফুটুক আবার।
এই জন্মে যার সৌন্দর্য অসহ্য ব্যথার মতো,
পরের জন্মে সেই ব্যথা ওষুধ ভেবে গিলে খাব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted