শরীর জুড়ে অদ্ভুত শীতলতা,
নিজেকে মনে হয় শীতনিদ্রা থেকে উঠে আসা সাপ।
আমি কোথাও খুঁজে পাই নি ব্যাঙ,
আজকাল ব্যাঙেরাও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে।
অপ্রস্তুত দৃষ্টি ফেলি এধার ওধারে,
না, আগের চেনাজানা কিছুই আর নেই।
এক শীতেই দুনিয়া বদলে গেছে,
শুধু আমি রয়ে গেছি সেই আগের সাপটি!
সরসর শব্দ করে সরীসৃপ দিনগুলো বয়ে চলে
শীতের পরে উষ্ণতার পরশ পেয়ে সুখী হয় সবাই।
তৃষ্ণার্ত বিষধর সাপ মুখিয়ে থাকে বিষ ছুঁড়তে,
কিন্তু সে জানে না দুনিয়া এখন তারচেয়েও বেশি বিষাক্ত!
