| কবিতা | নিরর্থক নির্ভরতা |
| কবি | মাসুদুর রহমান শাওন |
| সময় | ২৫ আগস্ট, ২০২৩ |
| উৎসর্গ | যারা ভালোবাসারে খুব গভীর থেকে অনুভব করে কিন্তু কাছে পায়না কিংবা পাবেনা |
| লিখার স্থান | ময়মনসিংহ |
| সম্পৃক্ততা | তার শহরে গিয়েছিলাম, সেদিন তুমুল বৃষ্টি ছিলো আমি ভিজতে ভিজতে হাঁটলাম থামলাম তাকে ভাবলাম কিন্তু দেখা পেলাম না, অতঃপর... |
| কবিতার বিষয় | বিরহ |
যেই পথে হাটঁতে হাঁটতে তোমার পায়ে জড়িয়ে গেছে কুয়াশার নূপুর,
যেই পথের পাশে নুয়ে পরে জ্বলতে থাকা প্রতিটা ল্যাম্পপোস্ট তোমার চোখে মুখস্থ কবিতার মতো-
সেই পথে কেবল তোমাকে ভাবতে ভাবতে হাঁটলাম আমি।
যেই শহরের পরিযায়ী বাতাস তোমাকে তীব্রভাবে আবদ্ধ করে নিয়েছে অনেক পরিশ্রান্ত বিকেলে,
তোমার চোখে বিস্ময় আনা প্রজাপতি সাঁতরে গেছে যে শহরের মধ্যদুপুর,
একই শহর ঘুরে সেইসব বাতাসকে বুকে তুলে নিলাম নিরব নিঃশ্বাসে।
যে বারান্দায় কিংবা ছাদে তুমি একমনে তাকিয়ে দেখেছো নক্ষত্রের নেভা-জ্বলা,
মেঘেরা ক্লান্ত হতে হতে যেখানে ভিজিয়ে গেছে তোমার যাপিত জীবন,
তারই পাশে বৃক্ষের মতো ঠাঁই নিয়ে দাঁড়িয়ে ছিলাম আমিও কিছুক্ষণ।
এভাবে করে তোমার সকল অবস্থান, প্রতিটা মুহূর্তদের প্রত্যক্ষ করেছি যেন,
কত সহজ হিসেবে মনে হয়েছে তোমার পাশের জানালার মতো আমি তোমার নিকটে পৌঁছেছি,
অথচ অন্ধের চোখে পৃথিবীর আলোর সমান দূরত্বে তুমি…