কবিতা আগুনের দিন
কবি রাহাদ এইচ. শিশির
কবিতার বিষয় প্রেম, স্বাধীনতা
Review This Poem

তোমার খোপা থেকে দূরে সরে যাচ্ছে চিবুক
কেউ ছড়ায়ে দিচ্ছে অহেতুক গানের সূর
মৃত্যুর মত হিম সাগর কারো চোখের নহরে
কোথায় নেবে চোখের জল?
যেখানেই নিয়ে যায় তার ভেতর জ্বলে ওঠে দৃশ্য;
সে দৃশ্যের ভেতর সূর্যের মত প্রতিফলিত হয়
যৌবনে ফেলে আসা প্রথম প্রেমিকার মুখ।

গায়ক হতে পারিনি বলে কবি হয়েছিলাম
কবিতা লিখতে গিয়ে হয়েছি কা-পুরুষ
প্রেমিকার কাছে হয়েছি প্রতারক
রাষ্ট্রের কাছে চোর
আর ঈশ্বরের সাথে চোখ মেলাতে পারিনা বহু বছর;

কোথায় যাওয়া যায় এখান থেকে?
কোনো দরজায়? কোন বালিশের কাছে?
নাকি কোনো নিঃসঙ্গ মরে পড়ে থাকা
পীরের দরগায়?
কোনো নবযৌবনার কানের পাশে
গুঁজে রাখা ফুলের দিকে?
এমন যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে
কে আমাকে এতটুকু শান্তি দিবে?

জীবনের কথা ভাবি,
দুঃখ সেরে গেলে আফসোস হবে কীসে?
দেয়ালের ওপাশে কি আছে জেনে গেলে
কৌতুহলে বসে কিভাবে লাফ দিবো আগুনে?
দু’জন যুবক যুবতি যদি বিচ্ছেদের কথা জেনে যায়
প্রেম হবে কার সাথে?
এত শত প্রশ্নের কাছে মাথা নত করে বসে থাকি
বাইরে কুয়াশা, ভেতরে আগুন
এমন দৃশ্যের ভেতর সূর্যের মত প্রতিফলিত হয়
যৌবনে ফেলে আসা প্রথম প্রেমিকার মুখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted