কবিতা দেখা না হোক
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ
Review This Poem

দেখা না হোক, তবু একদিন যাবো তোমার শহরে,

তোমার বাড়িটা দূর থেকে দেখে ফিরে আসবো চুপচাপ।

তুমি জানবে না, আমি এসেছিলাম তোমার দরজার কাছে,

শুধু বাতাসটা ছুঁয়ে গেছে আমায়, যেখানে মিশে আছে তোমার নিঃশ্বাস।

দেখা না হউক…
তোমার বাড়ির আশপাশ, অলি-গলি, রাস্তায় ঘুরে
তোমার ঘ্রাণ পাবো বাতাসে—

​তোমার অলিগলি ধরে হাঁটবো একা একা,

যেখানে তোমার পা পড়েছে কোনো এক সকালে।

সেই পথের ধুলোয় খুঁজবো তোমার পায়ের চিহ্ন,

আমার পায়ে মেখে নেবো তোমার হাঁটাচলার দাগ।

​চৈত্রের তপ্ত রোদ, ঝড় কিংবা বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে রবো তোমার জানলার পানে চেয়ে;

সন্ধ্যা কিংবা মাঝরাত অবধি ঠায় দাঁড়িয়ে থাকবো—শুধু তোমার জানলায় আলো জ্বলার অপেক্ষায়।

​কথা হবে না, ছোঁয়া হবে না, চোখাচোখি হবে না আমাদের;

শুধু দূর থেকে এক বুক নীরবতা আর এক আকাশ না-বলা ভালোবাসা তোমার শহরের বাতাসে উড়িয়ে দিয়ে আমি নিঃশব্দে ফিরে আসবো।

যেখানে কোনো অভিযোগ থাকবে না, থাকবে শুধু তোমার ভালো থাকার অন্তহীন প্রার্থনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted