| কবিতা | অনেকদিনের অপেক্ষায় নিঃশব্দের সীমানায় |
| কবি | মেহেদী হাসান রানা |
| সময় | ফেব্রুয়ারী, ২০২৫, দুপুর। |
| উৎসর্গ | বিষন্নমানবদের |
| লিখার স্থান | জেদ্দা, সৌদি আরব। |
| কবিতার বিষয় | অন্যান্য |
অনেকদিন কেটে গেছে,
সময়ের মুখে জমেছে শূন্যতার ধুলো,
প্রহর গুনে গুনে অপেক্ষার ছায়া
লম্বা হয়েছে বিকেলের রক্তাক্ত আকাশে।
নিঃশব্দের সীমানায় দাঁড়িয়ে
একটা নাম ডেকে উঠতে চাই,
কিন্তু বোবা বাতাস !
শব্দগুলো জমে গেছে হৃদয়ের গুহায়,
আর প্রতিধ্বনি হয় না।
সব শূন্য, সব অবসন্ন,
একটা দীর্ঘশ্বাসের ভারে নুয়ে গেছে দেয়াল,
চোখের পাতায় ধুলোর আস্তরণ,
অযথাই অপেক্ষায় বসে থাকা—
যার কোনো সমাপ্তি নেই,
কোনো প্রাপ্তি নেই,
শুধু শূন্যতার ঘূর্ণিপাকে হারিয়ে যাওয়া
একটি ক্লান্ত প্রহর।
তবু সময় থামে না,
স্মৃতির কোলাহল নিভিয়ে দিয়ে
সে চলে যায় নির্বিকার,
অপেক্ষার দীর্ঘ ছায়া পেরিয়ে
যেখানে শুধু নিঃসঙ্গতার ঘন অন্ধকার।