কবিতা নিদারুণ সময়ের বিহ্বলতা
কবি ঝলক গোপ পুলক
কাব্যগ্রন্থ কবিতা অঞ্চল - ১
উৎসর্গ আমার পচাঁ-গলা শহর
লিখার স্থান চিড়াকান্দি, হবিগঞ্জ।
Review This Poem

নিদারুণ সময়ের বিহ্বলতায়
পাখির কন্ঠে লেপ্টে থাকা গান
বিকট হুংকারে
নরকের বারান্দায় মুখ থুবড়ে পড়ে আছে।

বন্ধুরা আমার,
পাখিরা এখন গান গাইতে ভুলে গেছে।

অদ্ভুত মাদকতায় দুমড়ে মুচড়ে
মানুষ যে সুখ, দুঃখের কথা বলতো
গণতন্ত্র রক্ষার নামে
সেই মানুষ এখন বাদুড় হয়ে আছে।

বন্ধুরা আমার,
মানুষ এখন সুখ, দুঃখের কথা বলতে জানে না।

যে কুকুর ল্যাম্পপোস্টের আলোতে
একটু খাবারের জন্য হাহাকার করতো
রাতে নেবি ব্লু রঙের গাড়ীর লাল-নীল আলো দেখে
ঘোর অন্ধকারে নিস্তব্ধ হয়ে বসে থাকে টিএসসির গেটে।

বন্ধুরা আমার,
কুকুর এখন খাবারের জন্য হাহাকার করে না।

এই শহরকে প্রাণ দাও হে বোবা ঈশ্বর
দাও নিখাদ-নিরেট ভালোবাসা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted