কবিতা তোমার নাম “নিখোঁজ”
কবি আব্দুল্লাহ আলী ইফতি
সময় দুইএকতিনকুড়িদুইচার (রাত পৌনে দশটা নাগাদ)
লিখার স্থান বাকলিয়া, চট্টগ্রাম
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ
Review This Poem

এ পর্যন্ত যতগুলো কবিতা লিখেছি—চিঠি লিখেছি
তার প্রত্যেকটিতে তুমি অবসন্ন মেঘের মত ভেসে বেড়াচ্ছ
আজ প্রায় ছত্রিশ বছর—
জানি না চিঠিগুলো পৌঁছেছে কিনা তোমার ঠিকানা অব্দি
তোমায় নিয়ে লিখতে লিখতে
আমার হাতের রেখায় পড়েছে কলমের দাগ
যে দাগ উঠবে না কখনও
আজ প্রায় ছত্রিশ বছর পেরোলো
তোমায় দেখি না—তোমায় লিখতে লিখতে
আমি হারিয়ে ফেলেছি নিজের ঠিকানা
এখন এ পথ থেকে সে পথ
জিন্দেগি আর মওতের মাঝে যে পথ রয়েছে
হাঁটছি;
সেই পথ থেকে তোমায় দেখা যায় না
শুধু কবিতা লেখা যায়—চিঠি লেখা যায়
এমনকি বিলবোর্ডে আমি লিখে রেখেছি তোমার নাম
প্রজ্ঞাপন প্রকাশ হলেও
তোমার খোঁজ পাই না
তোমায় দেখি না
এ পর্যন্ত যতগুলো কবিতা লিখেছি—চিঠি লিখেছি
তার প্রত্যেকটিতে তুমি গাছের মত হয়ে আছ
এই গাছের মায়ায় যে পাখি তার ডানার অপচয় করেছে
সে এখনও চিঠি লিখে
কিন্তু আজ প্রায় ছত্রিশ বছর পেরোলো
কোনো প্রতি উত্তর পাওয়া হল না
কোনো খোঁজ পাওয়া হল না

guest
0 Comments
Newest
Oldest Most Voted