কবিতা আফসোস
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ
Review This Poem

তোমার জন্য কত কি হইছে তুমি জানলা না,
কত রাত ঘুমাই নাই, ঢাকা ভাত শুকাইয়া গেছে, সিগারেটে টান দিয়া ভাবতে ভাবতে কাশতেছি,
কিন্তু তুমি জানলা না।
তোমার জন্য কত কি হইছে!-
আব্বা বাড়ি থাইকা বাইর কইরা দিছে,
আম্মা কাপড় ভাঁজ কইরা চোখের জল মুছছে,
পাড়া পড়শি হাসতে হাসতে গড়াইয়া পড়ছে,
তুমি জানলা না, তোমার জন্য।

তোমার জন্য হাইস্কুলে ফেল মারলাম,
তোমার জন্য উচ্চ মাধ্যমিকে একই অবস্থা-
তোমার জন্য টেম্পুস্ট্যান্ডে দাঁড়াইয়া
প্রাইভেটের সময়টা কাটাইয়া দিছি অপেক্ষায়-
অথচ তুমি নামটাও জানার ইচ্ছা করো নাই।

তুমি জানলা না তোমার জন্যই সালমান খানরে কপি করা,
তোমার জন্যই জেমসের গান ‘বিজলী চলে যেও না’,
তোমার জন্যই শার্টের বোতাম খোলা রাখা-
তোমার জন্য ঘাড় অবধি চুল,
তোমার জন্য এতো কিছু, অথচ তুমি জানলা না।

তোমার বিয়ার সেই সাদা গাড়িটা,
কষটেপ দিয়া গোলাপ রজনীগন্ধা আটকাইতে আটকাইতে আমার সময় থমকে যাইতেছিলো,
তারপর জ্বরের ভিতর আমি বহুবার সেই চলে যাওয়ার দিকে তাকাইয়া ছিলাম-
এইভাবে একটা জন্ম তোমার চলে যাওয়ায় বিফল হইয়া গেলো, আফসোস তুমি জানলা না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted