| কবিতা | আমিও তোমাকে ভালোবেসেছিলাম |
| কবি | সুজন মজুমদার |
| সময় | ১লা আশ্বিন, ১৪৩২। |
অবশেষে জানতে পারলাম,
আমি তোমার ছিলাম না কখনও।
অবিনাশ'দা ঠিকই বলেছিলেন,
"নারীকে নাগিনীর চেয়ে ভিন্ন ভেব না।"
মানতে পারিনি,
তখন নারীর ওপর অবিশ্বাসের দর্শন আমার কাছে
ভণ্ডামি মনে হতো।
ভাবতাম– 'ওসব নষ্টদের ফ্যালাসি!'
কারণ–
আমার ভেতরে 'তুমি' ছিলে,
আমার বাহিরে 'তুমি' ছিলে,
আমার মন-মন্দিরে তুমি ছিলে ধ্যানাবধিতা।
আজ জানলাম–
আমি মিথ্যা, আমি শূন্য,
আমি কোথাও নেই তোমার জগতে।
হায়! মিথ্যার বেসাতি করে কাটিয়েছি কাল,
অমৃত ভেবে ডুবেছিনু গরলে।
ব্যাথা? নাহ্, ব্যাথা নাই।
ভালোবেসে কাঁটা পেলে
তাতে বেঁধে না, ছেঁড়ে না–
ভালোবাসা অ্যানেস্থাশিয়ার কাজ করে।
আমিও তোমাকে ভালোবেসেছিলাম।