| কবিতা | অপরাজিতা |
| কবি | এ কে বর্মন |
| সময় | ২১ সেপ্টেম্বর, ২০২১, ভোর |
| উৎসর্গ | অপরাজিতা, অপরাজেয় নীল’কে |
দু’তিন শ বছর হবে,
হৃদয়ে একটা ডার্ক কনভারসেশন বসিয়ে রেখেছি।
পূর্ণাঙ্গ দিনের যে সময়কাল নিয়ে অন্ধকার ক্রমশ ভারী হয়ে চলে—
আমি ভাবি, উপমায় হোক প্রেমের অনন্ত পুজার্ঘ্য
বেদনাই হোক পদ্যের গুঢ় ছন্দ, পয়ার-মহাপয়ার।
ভাবনারা নিদ্রার গলা টিপে ধরে— বেঁচে আছি শুধুই শরীর হয়ে।
ঠিক ভয়-ভয় ভোরে, কেবলি সূর্য যখন জাগিয়ে তুলবে পৃথিবীর একাংশ, মানুষ-নর-নারী-কোলাহল কিংবা ফুল অথবা কীটপতঙ্গ, পাখি
ঠিক ঠিক তখনই আমি সেই ঠিকানায় একটা ফুল পাঠাই —অপরাজিতা।
আজ আমি ক্লান্ত! ঘুম নামছে চোখে, সমস্ত শরীরে আপেক্ষিক মৃত্যুর ম-ম গন্ধ।
জানি আবার, আপেক্ষিক জন্মে জেগে উঠবো আমি
আবারও পাঠাবো ফুল সেই ঠিকানায়—
অপরাজিতা, অপরাজেয় নীল!