| কবিতা | এই গর্ভবতী পূর্ণিমায় |
| কবি | এ কে বর্মন |
| সময় | ২০ অক্টোবর, ২০২১, রাত |
| উৎসর্গ | যিঁনি নক্ষত্র হয়ে তার ভ্যাগাবন্ড ছেলের উপর চোখ রাঙাচ্ছেন প্রতি মুহূর্তে, তাঁকে |
| লিখার স্থান | ব্রহ্মপুত্র নদ, চিলমারী |
এই গর্ভবতী পূর্ণিমায়—
রাত ডাকে আয়, চাঁদ ডাকে আয়, জন্ম ডাকে আয়, মৃত্যু ডাকে আয়
ঐ দূর নক্ষত্র থেকে ডাকে আমার মা’য়
আয়, আয়, আয়..
কবি কেবলি তোমাকেই হারায়।
একা, একা আমি কতদূর হেঁটে গিয়ে দেখি
সব ফেলে এসেছি ঐ খানে, প্রেয়সীর গায়।
একটা নগ্ন-মৃত শরীর হেঁটে হেঁটে চলে গেছি বহু বৃথা পথ— খালি পায়
তুমি শুনে রাখো নদ, হে ব্রহ্মপুত্র নদ
কবি কেবলই তার প্রেয়সী হারায়।
এই গর্ভবতী পূর্ণিমায়—
ফুল ডাকে আয়, ভুল ডাকে আয়, জল ডাকে আয়, অনল ডাকে আয়
ঐ দূর-মহাশূণ্য থেকে ডাকে আমার মা’য়
আয়, আয়, আয়..
শুধু তুমি ডেকে বললে না আয়—
কবি, কেবলি তোমাকেই হারায়
কেবলি তোমাকেই হারায়।