কবিতা সাবালিকার প্রোট্রেইট
কবি এ কে বর্মন
উৎসর্গ সেই সাবালিকা

এসো, আলতো পায়ে এসো চুপটি করে বসো।
তোমাদের একটা প্রোট্রেইট দেখাই; যা দেখোনি কোনোদিন!
শিল্পজ্ঞান করে দেখো, ভাল-মন্দ কিছু বলো, বিচার করো
শুধু ওঁকে ছুঁয়ে দেখতে চেও না প্লিজ।
যে অধিকার হারিয়েছি আমি, আর তা নেই, কি করে হয় বলো ?

কোন চন্দ্রকলার রাতে চোখ বন্ধ করে এঁকেছিলাম এক তরুণীকে
যে বয়স ভালোবাসা বোঝে না, প্রেম কি তা জানে না।
এই দেখো আমার প্যালেট হাত; এখনো সে রঙ লেগে আছে জন্ম দাগের মতোই
এই দেখো হাতে রক্ত! রক্ত কেন? জানতে চেয়ো না তোমরা
সাবালিকার ওসব জানাতে নেই, কিছু কাল হলো আমি শিখে গেছি।

এই দেখো লালা, এই দেখো উষ্ণতা, এই দেখো মানুষীর গন্ধ।
এরকম ছবি দেখোনি তোমরা— এত মায়া, এত প্রেম, এত ভুল,
এত ফুল দিয়ে কেউ আঁকেনা কোন সাবালিকাকে_
পানা ফুলের বেগুনির সাথে ঈষৎ কালো মিশিয়ে এঁকেছি
শরীর, ঠোঁটে সন্ধ্যে মালতী, চোখ জোড়া তালপাতার বৈকালি পাখা।

তরুণীর শৈশব কৈশোর থেকে যুবতী আহ্লাদ সব পাবে এখানেই
তরুণী হাঁটা-চলা, নিশ্বাস, ভুল পথ, মানসিক দৈন্যতা, শারীরিক উদ্যোমতা
ছোট ছোট কালো মেঘের জল, বখাটের কুপ্রস্তাব, সাংসারিক জ্ঞান
হুটহাট উদাসীন হয়ে যাওয়া, ক্ষণিকের মিহিন হাসি, পাঁজর ভাঙ্গা কান্না
ভাঙ্গা কাঁচে কেটে যাওয়া রক্তাক্ত পা, রাত হলে স্যাফোকেশন তবুও অলীক
স্বপ্ন দেখা, বেখেয়ালে কোনো সুদর্শন যুবকের প্রতি ভালোলাগা অথবা
নোংরা দিঘীর জলে এক বেলা স্নান সেড়ে চুলে ঝেড়ে সমাজের দুয়ারে
প্রথম কদম — সব পাবে এখানে, নিপুণ নাহোক সব এঁকেছি এখানে।

এত বেশি বেশি কেউ আঁকেনা কোন সাবালিকাকে! কোনো পটুয়াই না
কি হলো? কিছু বলছো না যে! শিল্প জ্ঞান করে কিছু বলো
ভালো মন্দ বিচার করো। তোমরা কি দেখছো না একটা কিশোরী?
কিশোরী থেকে যুবতী, যুবতী থেকে নারী হয়ে উঠেছে এখানেই!
হ্যাঁ, মনে হয় তোমরা দেখতে পাচ্ছো না তাকে তাই চুপ করে আছো,
মনে মনে আমাকে পাগল বলছো বোধ-হয়!

কি করে আর দেখবে এই মহাজাগতিক পোট্রেইট, তোমাদের তো আমি এইখানে বসতে বলিনি!
এসো, আলতো পায়ে এসো চুপ করে
বসো আমার হৃদি পদ্ম দলে, দেখো আমার অন্ধচোখ দিয়ে এক শ্বাশত নাবালিকার প্রোট্রেইট!
ক্রমান্বয়ে জলজ্যান্ত হয়ে উঠছে একটা ক্যানভাস
ভেসে উঠছে পৃথিবী থেকে, হারিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে
কোথায় হায়িছে যাচ্ছে? কোনদিকে যাচ্ছে? কোন হাওয়ায়? কোন মহাশূণ্যে? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না।

কেবলি জানি, একটি নাবালিকা_ তার শৈশব, কৈশোর, যৌবন
আমি অথবা প্রথম প্রেমিক— ক্রমশ সে নারী হয়ে উঠছে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments