| কবিতা | পথের স্মৃতি |
| কবি | কাজী নজরুল ইসলাম |
| কাব্যগ্রন্থ | সিন্ধু হিন্দোল |
| সময় | আশ্বিন ১৩২৭ |
| লিখার স্থান | বরিশাল |
পথিক ওগো, চলতে পথে
তোমায় আমায় পথের দেখা।
ঐ দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমর গভীর রেখা।।
এই যে দেখা শরৎ-শেষে
পথের মাঝে অচিন দেশে
কে জানে ভাই কখন কে সে
চলব আবার পথটি একা।।
এই যে মোদের একটু চেনার আবছায়াতেই বেদন জাগে।
ফাগুন-হাওয়ার মদির ছোঁওয়া পুবের হাওয়ার কাঁপন লাগে।।
হয়তো মোদের শেষ দেখা এই
এমনি করে পথের বাঁকেই,
রইল স্মৃতি চারটি আঁখেই
চেনার বেদন নিবিড় লেখা।।