| কবিতা | অন্ধকারে মনে পড়ে |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
রাতগুলো তোমার চুলের মতো অন্ধকারে দীর্ঘ দীর্ঘ,
সেই চুলরাত্রির ভিতর আমি চামড়া মেলে শুয়ে আছি-
তোমার স্বপ্নে বিব্রত পোশাকঘ্রাণ উড়ে যায় নিরব স্বর্গে-
পেপের হরীতকী বনে নির্জন পোয়াতি হতেছে রাতপেঁচা,
তুমি কি দেখেছো! এইভাবে করে কতো যে যেতেছি ঝরে?
পেপের চৌচির পাতার ফাঁকে ঘিয়ে চাঁদের মতো গলে,
আমলকি, পাইন, শোকাক্রান্ত আঙুর থোকায় থোকায় ব্যাথা ছড়াতেছে-
এই রাত্রির ভিতরে, আহত কোকিল একচালা বাড়িটির পাছে কুঁগায়,
রোমেরোমে শিশিরশীত ঝরে পরে,
কলাপাতা শাড়ি কে মেলেছে শরীরের ‘পরে-
কার জলপোই চোখ চেয়ে আছে-
কার লেবুঘ্রাণ বুক ছড়াতেছে কাঁকরোল তলে,
তার পাশে কে শুয়ে আছে আমার ঘুমটিরে বুকে নিয়ে।