বাংলা কবিতা, স্প্যাম প্রেমিকা কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা স্প্যাম প্রেমিকা
কবি মলয় রায়চৌধুরী
লিখার স্থান মুম্বাই, ভারত
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বাঃ বেশ, আচমকা ঢুকে এলি ডেস্কটপে, ই-মেলের সঙ্গে তোর ফোটো
বহুরূপী আদুলগা, কুচকুচে হাসিমুখে ডাকছিস কালো সঙ্গমে
দেখছি গোগ্রাসে তোকে বদল্যারের জান্তব ভেনাস
ভুলভাল ইংরেজি তলপেটে ‘আই লাভ ইউ’ লিখে
কৃষ্ণকলি হুকার ললনা তোর ফাঁদপাতা প্রেম নিবেদন
নরম উপাস্য উরু জাদুটোনা-করা নখে রঙ না রক্ত রে
কোন দেশ থেকে এলি মুখপুড়ি ? কেনিয়া উগান্ডা জাম্বিয়া
বুরকিনা ফাসো কংগো ক্যামেরুন সুদান নিঝের ?
মুম্বাই এসে ঘাঁটি গেড়েছিস নাইজারওয়াডিতে দল বেঁধে !
কী করে জানলি হ্যাঁরে, আফ্রিকার নারীসঙ্গ পাইনি কখনও ?
বেশ তোর হাইপাররিয়াল যৌন আবেদন ল্যাপটপ-আলো
বিশদ জানিস তা ; আসতে চাস আলিঙ্গনে তাই । কতটাকা
নাকি ডলারের বিনিময়ে পাওয়া যাবে ওই অভিজ্ঞতা
লিখিসনি তো ? কেবল দেখা করতে বলেছিস মীরা রোডে
জংশনের মোড়ে ; ডিজিটাল রূপ ছেড়ে নামবি শহরে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted