| কবিতা | ছত্রিশটি পত্রপদ্ম |
| কবি | তিলক দাস |
| সময় | এপ্রিল ০৪, ২০২০ |
| লিখার স্থান | মোহাম্মদপুর, ঢাকা |
শীতকালের সমাপ্তি সুরে কোনো এক সকালে ঝিনাইদহের পার্কপাড়া দিয়ে হেঁটে যাচ্ছি
ঠিক তখনি তোমার নয়নের আলো হৃদয়কে আলোকিত করেছিলো,
আমি স্তম্ভিত হৃদয়ে উচ্ছলিত দৃষ্টিতে ভাস্কর্যের মত স্থিতিশীল হয়ে পড়ি
তোমার কুমারী চাহনি কৈশোর হৃদয়কে বেগবান করে প্রেমের নৈকট্য সাধনে।
প্রেম সাধনার সিদ্ধিলাভে হৃদয় উদ্যানে জেগে উঠে একে একে ছত্রিশটি পত্রপদ্ম
যার প্রত্যেকটি তোমায় দিয়েছি তোমার সখীর মাধ্যমে,
তুমি পড়েছ হৃদয়কথার ছত্রিশটি পত্রপদ্ম আবার ফেরত দিয়েছ,
হৃদির বারতা দিয়েছিলাম কাগজের নৌকায়,প্রথম প্রেম বলে কথা
হয়ত তুমি ঘাবড়ে গিয়েছিলে,রাখোনি প্রেমের সিন্দুকে,
তাই বলে, প্রেমের কোরক নির্জীব হয়নি
বরং সতেজতা লাভ করেছিলো, হয়েছিলো ভালোবাসার অতন্দ্র প্রহরী।
তুমি ভালোবাসার প্রথম প্রস্ফুটিত কলি প্রেমের বিশুদ্ধ বাগানে
অনুপ্রেরণার শিশির ছিল অন্তরের বিশ্বাসী শব্দঘর উঠানে,
তোমার শিশিরভেজা আচলে স্নিগ্ধতার পরশে একটু প্রশান্তি খুঁজেছিলাম
আড়ালে আবডালে তোমাতে পেয়েছিলাম শাব্দিক ছন্দে স্বপ্নবিলাসী ভুবন,
তুমি বুঝতে পারোনি হয়ত অনুভবের স্নায়ুতন্ত্র সাড়া দিতে ব্যর্থ হয়েছে।
সুনীল প্রভাতে শুভ্রতার পরিচয় দিয়েছি কেবল প্রেমের নীলাভ আকাশে
ভালোবাসার আকাশে কখনো সূর্য কখনো মেঘমাল্য তুমি,
আমি তবু আকাশ হয়ে রইলাম আশার জীবনীতে
ভেবেছিলাম হয়ত একসাথে কফিতে চুমুক দিবো দুজনে
প্রেমবার্তা ফুলেল সৌরভে ছড়িয়ে দিবো হৃদয় আঙিনায়।
মনে রেখো, তোমার আবাস পরিবর্তন ভালোবাসার বাতাস পরিবর্তনে অসফল অস্ত্র
ভালোবাসার তীর্থপীঠে প্রেমের তীর্থস্থানে বাহারি ফুল ছিল কেবল তোমার অনুভব স্পর্শ করেনি,
তোমার মনোবৃক্ষের রস এতটাই বিষাক্ত যা হেমলকের বিষকেও হার মানায়
অথচ প্রেমনিবাসের মণিকোঠায় তোমায় সজীবতার কবিতা ভেবেছিলাম,
কিসের বিষে বিষাক্ত বাণে রক্ত মিশিয়েছিলে প্রেমেরনীলে শান্তির নীলনদে!
মৃত্যু আজো আমায় কাছে টানেনি কারণ মৃত্যুর অধিকারটুকু তোমার হাতে
প্রেমের বসন্তে আধো আলোতে প্রেমশিখা কেন জ্বেলেছিলে জানতে পারি?
তোমার দম্ভের পর্বতে নিজের ফুসফুসও আজ কার্যকরী অকার্যকর
তুমি কি জানো তোমার মত খুনিরা হৃদয়ের রক্ত চুষে নেয় ছলনার ঐ মিথ্যে নগরীতে!
তোমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা স্মৃতিপথে অন্ধকার কান্না করছে কিন্তু মৃত্যু নেই
এইতো বেশ আছি আমি আর আমার দুখীমনের অগোছালো স্বপ্নেরা।
এখন সাথী বলতে আছে হুইস্কি,বিয়ার, রাম কিংবা ভদকা
এদের অমিশ্রিত প্রতিটি প্যাগের গন্ধে তোমার গন্ধ অনুভূত হয়,
তারা হৃদয়ের বেলকনিতে দাঁড়িয়ে আমার কষ্টগুলোকে অনুভব করে
কষ্টের উপলব্ধিগুলো সিগারেটের ধোঁয়ায় সিলিংফ্যানে করে আত্মহত্যা
তারা পরাজিত সৈনিকের মত নতমস্তকে চেয়ে থাকে আমার দুখের পানে,
আমি তাদের অনুভবে প্রেমের অগ্নিরথে জ্বলন্তঅক্ষর।
