| কবিতা | দাহ্য |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 08 সেপ্টেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | অগ্নি ও দহন |
| কবিতার বিষয় | অন্যান্য |
দাহ্য আমি দাহ্য তুমি দাহ্য তরুবর
দাহ্য খনির কালো হীরক দাহ্য অম্বর।
দাহ্য শীতে খড়ের আঁটি লেলিহান হুতাশে
দাহ্য শুষ্ক বৃক্ষ পত্র পবন তরাসে।
দাহ্য শুষ্ক লতা গুল্ম শীতের আগমনে
শীতল হাওয়া ডাকে যেন ক্ষণিক হুতাশনে।
বিদ্যুতের ক্ষুদ্র বর্তনী ছড়ায় স্ফুলিঙ্গ
ভস্মীভূত করে আসবাব মোর নিদ্রারত অঙ্গ।
যুক্তরাষ্ট্রে দাবানল গ্রাসে কত বনাঞ্চল
কিসের ক্ষুধায় নিজেই গ্রাসে নিজের সবুজ অঞ্চল।
দাহ্য গাড়ির চাকা গণ আন্দোলনে
জ্বালানি তেল দহনে যায় ট্যাঙ্কার বিস্ফোরণে।
দহন শেষে পড়ে থাকে শুধু কার্বনের যৌগ
অনল অনিলে মিশে যায় নীলে গ্যাসীয় দুর্ভাগ্য।।