| কবিতা | এই তো তোমার প্রেম, ওগো |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | গীতাঞ্জলি |
| সময় | ১৬ ভাদ্র, ১৩১৬ |
| কবিতার বিষয় | প্রেম |
এই তো তোমার প্রেম,ওগো
হৃদয়হরণ।
এই-যে পাতায় আলো নাচে
সোনার বরন।
এই-যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ-‘পরে,
এই-যে বাতাস দেহে করে
অমৃত ক্ষরণ।
এই তো তোমার প্রেম,ওগো
হৃদয়হরণ।
প্রভাত-আলোর ধারায় আমার
নয়ন ভেসেছে।
এই তোমারি প্রেমের বাণী
প্রাণে এসেছে।
তোমারি মুখ ওই নুয়েছে,
মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ ছুঁয়েছে
তোমারি চরণ।