কবিতা মনে রেখো
কবি মনিরুজ্জামান মাহফুজ
সময় ২৫ নভেম্বর, ২০২৩
উৎসর্গ মৃতপ্রায় পৃথিবীকে
লিখার স্থান ময়মনসিংহ
কবিতার বিষয় প্রতিবাদ, রূপক
Review This Poem

হিমালয়, নত হয় যদি
যদি অবরোধ করে স্রোত, শুকায় নদী।
তবে মনে রেখো_
আমি একদিন মেঘ হবো।
একটি চারাগাছকে বাঁচানোর জন্য হলেও
আমি একদিন বৃষ্টি হবো।

যদি আকাশ, কাঁদে ফেলে শ্বাস
যদি ক্রুর হাসি হেসে, বিষাক্ত গ্যাসে সূর্য ছড়ায় ত্রাস।
তবে মনে রেখো_
আমি একদিন সুগন্ধি রুমাল হবো।
একটি হৃদয়কে বাঁচানোর জন্য হলেও
আমি একদিন গোলাপ হবো।

যদি হয় বিলীন, মেঘেদের দিন
যদি খরচের খাতায়, শুকনো পাতায় জমে কুয়াশার ঋন।
তবে মনে রেখো_
আমি একদিন নবান্নের ধান হবো।
একটি কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য হলেও
আমি একদিন হেমন্তের গান হবো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted