| কবিতা | দেনা |
| কবি | কবিতা সংকলন |
| কাব্যগ্রন্থ | সময়ের ছবিঘর |
আমার বিধ্বস্ত কংকাল জুড়েও লেগে থাকবে
পারিবারিক দেনা...
আমাকে খুবলে খাবে কথায়, আমারই মসনদ
আমাকে চেপে ধরবে ব্যথায়, আমারই বীর্যরস,
অস্থি-মজ্জা-করোটি আমার আমাকেই দেবে অভিসম্পাত
দেনায়, দুমড়ে মুচড়ে নিজের গভীরে ফেটে আবার
ফিরে আসবো অন্ত্যেষ্টিক্রিয়ায়,
আমি চিৎকার করতে পারবো না জননীর আঁচল ধরে!
কেননা, শবের অনুভূতির কথা জানলেও মানুষ,
কান্নাজনিত জল ও বাষ্পের রঙ এখনও অনাবিষ্কৃত।
ফসিল হবার পথে আমার মাথার বিচ্ছিন্ন খুলীত জন্ম নেয়া
শ্যাওলাতেও লেগে থাকবে পারিবারিক দেনা...
জনক, জন্ম দিয়েই ক্ষান্ত হন'নি
প্রাণের দাম নিয়ে রেখে গেছেন এক অবিসংবাদিত ঋণ-.
রক্তের!
